Thursday, 5 November 2026 অ্যাডমিন লগইন
বাংলার জবান
সারাদেশ

কুমিল্লায় বিভ্রান্তিকর সংবাদ প্রচারের অভিযোগ জামায়াতের

5 November 2026, 11:29 AM views 28
কুমিল্লায় বিভ্রান্তিকর সংবাদ প্রচারের অভিযোগ জামায়াতের
নিজস্ব প্রতিবেদকঃ • 5 November 2026, 11:29 AM

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর সাংগঠনিক বিষয় নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেছে দলটি।


কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ১৪ অক্টোবর বুধবার রাত ৭টার দিকে কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামী কার্যালয়ে পূর্বনির্ধারিত একটি সভা চলছিল। এ সময় কয়েকজন যুবক সভাস্থলে প্রবেশ করে হইচই করেন। পরে তারা সেখান থেকে চলে যাওয়ার সময় জামায়াতের একটি গাড়ি ভাঙচুর করা হয়।


তিনি বলেন, ঘটনাটিকে জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষের মাধ্যমে কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারির গাড়ি ভাঙচুরের ঘটনা হিসেবে কয়েকটি গণমাধ্যমে উপস্থাপন করা হয়েছে। তবে জামায়াতের দাবি, এসব তথ্য সঠিকভাবে যাচাই-বাছাই না করেই প্রচার করা হয়েছে।


কাজী দ্বীন মোহাম্মদ বলেন, এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রচারের ফলে জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রম ও দলীয় শৃঙ্খলা সম্পর্কে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।


তিনি জানান, ঘটনাটি নিয়ে জামায়াত নিজস্বভাবে তদন্ত করছে। কারা এর সঙ্গে জড়িত এবং কী কারণে তারা এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে, তা বিস্তারিত জানার পর গণমাধ্যমকে পুনরায় অবহিত করা হবে।