বাংলার জবান
শিক্ষা

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়লো

7 November 2026, 5:16 PM Tariqul দেখা হয়েছে: 2
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়লো
নিজস্ব প্রতিবেদকঃ • 7 November 2026, 5:16 PM

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের (খাতা চ্যালেঞ্জ) আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীরা রোববার (৮ নভেম্বর) দুপুর ১২টা পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন। অনলাইন বা কারিগরি ত্রুটির কারণে যেসব পরীক্ষার্থী নির্ধারিত সময়ে আবেদন করতে পারেননি, তাদের সুবিধার কথা বিবেচনা করেই সময় বাড়ানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


শনিবার (৭ নভেম্বর) রাতে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনলাইন ব্যবস্থার কারিগরি ত্রুটির কারণে শনিবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের আবেদন প্রক্রিয়া ব্যাহত হয়। এর ফলে বহু পরীক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করতে ব্যর্থ হন। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে আবেদনের শেষ সময় ৭ নভেম্বর রাত ১২টার পরিবর্তে বাড়িয়ে ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত পুনর্নির্ধারণ করা হয়েছে।


আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির হিসাব অনুযায়ী, গত ১ নভেম্বর থেকে খাতা পুনর্নিরীক্ষণের এই আবেদন প্রক্রিয়া শুরু হয়। নির্ধারিত সময়ের মধ্যে ২ লাখ ৭৮ হাজার ৮৮২ জন শিক্ষার্থী আবেদন করেছেন। শিক্ষার্থীরা একেকজন একাধিক উত্তরপত্র পুনর্নিরীক্ষণের অনুরোধ জানানোয় মোট আবেদনের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৩৭ হাজার ৭১৭টি।