Saturday, 14 November 2026 অ্যাডমিন লগইন
বাংলার জবান
জাতীয়

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

14 November 2026, 8:49 AM New Admin দেখা হয়েছে: 24
গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ
নিজস্ব প্রতিবেদকঃ • 14 November 2026, 8:49 AM

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।


শনিবার (১৪ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় ৮ থেকে ১০টি কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শ্রমিকরা কারখানায় প্রবেশ করে হাজিরা দেওয়ার পর বেরিয়ে এসে বিক্ষোভে অংশ নেন। কয়েক দিন আগে শ্রমিক আন্দোলনের সময় এপেক্স কারখানার এক নারী শ্রমিক আহত হওয়ার পর মারা গেছেন—এমন একটি খবর ছড়িয়ে পড়ে। এর জের এবং বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন।


শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।


খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তবে একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। শ্রমিকদের একাংশ পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করেন।


পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে বেলা সাড়ে ১১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়।


গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার ৮ থেকে ১০টি কারখানার শ্রমিকরা হাজিরা দিয়ে বেরিয়ে মহাসড়ক অবরোধ করেন। প্রথমে তাঁদের বুঝিয়ে সরানোর চেষ্টা করা হলেও পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়।


বেলা সাড়ে ১১টার দিকে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আসে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।