Wednesday, 11 November 2026 অ্যাডমিন লগইন
বাংলার জবান
অর্থনীতি

আগামী জানুয়ারির মধ্যেই শেষ হবে আইএমএফ কর্মসূচির কাজ: অর্থমন্ত্রী

11 November 2026, 4:19 PM Tariqul দেখা হয়েছে: 25
আগামী জানুয়ারির মধ্যেই শেষ হবে আইএমএফ কর্মসূচির কাজ: অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদকঃ • 11 November 2026, 4:19 PM


অর্থনৈতিক সংকট মোকাবিলায় সঠিক পথে এগোচ্ছে দেশের অর্থনীতি—এমন মন্তব্য করে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আশা প্রকাশ করেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে চলমান কর্মসূচির সব কাজ আগামী জানুয়ারির মধ্যেই সম্পন্ন হবে।


বুধবার (১১ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।


অর্থমন্ত্রী জানান, আইএমএফের সঙ্গে চলমান কর্মসূচির আওতায় বর্তমানে উভয় পক্ষের ওয়ার্কিং গ্রুপ যৌথভাবে কাজ করছে। নির্ধারিত সময়ের মধ্যেই এই কার্যক্রম শেষ হবে বলে তিনি আশাবাদী। বিষয়টি কেবল ঋণের পরবর্তী কিস্তি পাওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি একটি সামগ্রিক সংস্কার কর্মসূচি। আইএমএফের পাশাপাশি বিশ্বব্যাংক, এডিবি এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকসহ বিভিন্ন বহুপক্ষীয় ও দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগীদের সঙ্গেও সমন্বিতভাবে কাজ চলছে। এছাড়া বন্ড ইস্যুর বিষয় নিয়েও সরকার কাজ করে যাচ্ছে।


রাজস্ব আদায়ের বর্তমান পরিস্থিতি তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, অর্থবছরের প্রথম প্রান্তিকে আয়কর ও কাস্টমস রাজস্ব আদায়ে ১৪ শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। তবে ভ্যাট আদায়ের প্রবৃদ্ধি কিছুটা কম মনে হলেও, এর পেছনে ত্রৈমাসিক রিটার্ন পদ্ধতি চালুর কারণে এক মাসের পূর্ণাঙ্গ হিসাবের বিলম্ব ভূমিকা রেখেছে। ভ্যাট খাতেও দ্রুত ইতিবাচক প্রবৃদ্ধি ফিরে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।


তিনি আরও উল্লেখ করেন, কেবল প্রথম প্রান্তিকের পরিসংখ্যান দিয়ে পুরো অর্থবছরের অর্থনৈতিক চিত্র মূল্যায়ন করা উচিত নয়। বছরের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ প্রান্তিক অতিক্রম করার সঙ্গে সঙ্গে রাজস্ব আদায়ের সার্বিক চিত্র আরও উন্নত হবে এবং সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে।


জনগণের করের অর্থের সঠিক ব্যবহার ও ব্যয় সংকোচন প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, প্রতিটি সরকারি ব্যয়ের যথাযথ মূল্যায়ন বা রিটার্ন থাকতে হবে এবং এর মাধ্যমে দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। আয়ের সঙ্গে সংগতি রেখেই ব্যয় পরিকল্পনা সাজানো হচ্ছে, যাতে কোনোভাবেই জনগণের অর্থের অপচয় না ঘটে।


এ ছাড়া রাজস্ব প্রশাসনের বিভাজনের বিষয়ে অর্থমন্ত্রী জানান, এ সংক্রান্ত নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং খুব দ্রুত এটিকে আইনি কাঠামোতে রূপ দেওয়া হবে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বিষয়টি সংসদে উত্থাপন করে তা বাস্তবায়নের কাজ এগিয়ে নেওয়া হবে।