বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য এড়িয়ে গেলেন জয়সওয়াল
বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনাপ্রবাহ নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তবে তিনি স্পষ্ট করেছেন যে অভিন্ন ইতিহাস ও সাংস্কৃতিক বন্ধনের ওপর দাঁড়িয়ে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক এবং ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় নয়াদিল্লি। শুক্রবার (২০ নভেম্বর) নয়াদিল্লিতে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জয়সওয়াল জানান, অনেকেই বাংলাদেশের উন্নয়ন পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। ভারতের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। দুই দেশের অভিন্ন ইতিহাস ও জনগণের সাংস্কৃতিক বন্ধনকে ভিত্তি করে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখাই ভারতের প্রত্যাশা। অভ্যন্তরীণ বিষয়ের প্রশ্নে তিনি সাফ জানান, এ নিয়ে তার কোনো মন্তব্য নেই।
এদিকে আগামী ১২ ডিসেম্বর গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ ফুরিয়ে যাচ্ছে। এই প্রেক্ষাপটে চুক্তি নবায়ন নিয়ে বিভিন্ন মহলে ওঠা আপত্তি ও দাবির মধ্যে দুই দেশের মধ্যে কোনো আলোচনা বা অগ্রগতি আছে কি না, তা জানতে চান এক সাংবাদিক। জবাবে জয়সওয়াল জানান, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের একটি প্রতিনিধিদল বর্তমানে ঢাকায় রয়েছে। সম্ভবত রোববার যৌথ নদী কমিশনের অধীনে গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকটি কারিগরি পর্যায়ের কি না এবং সেখান থেকে কোনো সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে কি না, এমন প্রশ্নে জয়সওয়াল বলেন, গঙ্গাসহ সব আন্তসীমান্ত নদীর পানি নিয়ে আলোচনার জন্য ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশন রয়েছে। ভারতের স্বার্থ রক্ষা করেই বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক এগিয়ে নিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। তবে এই বৈঠক কারিগরি পর্যায়ের কি না, সে বিষয়ে তাৎক্ষণিক তথ্য তার কাছে নেই বলে জানান তিনি।
বৈঠকের সম্ভাব্য ফলাফল নিয়ে জানতে চাইলে জয়সওয়াল বলেন, বিস্তারিত তথ্য হাতে পাওয়ার পরই এ বিষয়ে ভারতের মূল্যায়ন জানানো হবে।
অন্যদিকে গঙ্গার পানি বণ্টন চুক্তি সাময়িক নাকি পূর্ণাঙ্গভাবে নবায়ন করা হবে এবং শীর্ষ রাজনৈতিক নেতৃত্বের উপস্থিতির প্রয়োজন পড়বে কি না, এমন প্রশ্নে আগের অবস্থানেই থাকেন জয়সওয়াল। তিনি বলেন, এ বিষয়ে সাম্প্রতিক একাধিক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেছেন এবং তার অবস্থান আগের মতোই রয়েছে, নতুন করে কিছু বলার নেই।