ন্যাটোভুক্ত দেশ পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করে আছড়ে পড়ল রুশ ক্ষেপণাস্ত্র
ইউক্রেনের মিত্রদেশগুলোর সামরিক মহড়া চলার মধ্যেই ন্যাটো সদস্যভুক্ত দেশ পোল্যান্ডের ভূখণ্ডে রাশিয়ার একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। শুক্রবার সকালে দেশটির আকাশসীমায় তিনটি বস্তু প্রবেশ করে, যার মধ্যে একটি রুশ ক্ষেপণাস্ত্র ছিল বলে নিশ্চিত করেছে ওয়ারশ। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের মতে, পশ্চিমা সামরিক মহড়ার ঠিক এই সময়ে এমন ঘটনা মোটেও কাকতালীয় বা নিছক দুর্ঘটনা নয়।
এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে মস্কোর এই আচরণকে সরাসরি ‘উসকানি’ হিসেবে দেখছে পোলিশ সরকার। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর দেশটিতে অন্যতম বড় আকাশপথের হামলা চালানোর সময় পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘনের এই ঘটনা ঘটল। তবে এ বিষয়ে মস্কোর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক-কামিশ জানান, রাশিয়ার ‘খ-১০১’ মডেলের ক্রুজ ক্ষেপণাস্ত্রটি স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় নোভি লিপোভিয়েক এলাকার একটি গ্রামীণ অঞ্চলে বিধ্বস্ত হয়। এলাকাটি ইউক্রেন সীমান্ত থেকে প্রায় ৫০ কিলোমিটার ভেতরে। একটি খামারের নিরাপত্তা ক্যামেরায় ক্ষেপণাস্ত্রটি আছড়ে পড়ার দৃশ্য ধরা পড়েছে। স্থানীয় বাসিন্দা নাতালি শপোনার জানান, তিনি সন্তানদের স্কুলে পাঠানোর জন্য তৈরি হওয়ার সময় হঠাৎ শিসের মতো তীব্র শব্দের পর ভারী কিছু আঘাত হানার বিকট আওয়াজ শুনতে পান।
প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, একই সময়ে সন্দেহভাজন আরেকটি ক্ষেপণাস্ত্র নোভি লিপোভিয়েকের পশ্চিমে রুদনিক নাদ সানেম এলাকার কাছে এবং জেট ইঞ্জিনচালিত একটি ড্রোন দক্ষিণের মোওদিচ এলাকায় বিধ্বস্ত হয়েছে। কর্মকর্তারা স্থানীয়দের জন্য কোনো ঝুঁকির আশঙ্কা নাকচ করে দিলেও প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, এ ঘটনায় ন্যাটোর কাছে অতিরিক্ত সহায়তা চাওয়া হবে।
পোল্যান্ডের আকাশসীমার এই ‘গুরুতর লঙ্ঘনের’ তীব্র নিন্দা জানিয়েছেন ন্যাটো মহাসচিব মার্ক রুটে। তিনি জানান, ঘটনার পরপরই ন্যাটোর যুদ্ধবিমান আকাশে উড়েছে। বিষয়টিকে অত্যন্ত বিপজ্জনক উল্লেখ করে তিনি শনিবার ওয়ারশ সফরে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
উল্লেখ্য, ইউক্রেনে সম্ভাব্য শান্তিচুক্তির প্রস্তুতির অংশ হিসেবে যুক্তরাজ্য ও ফ্রান্সের নেতৃত্বে পোল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলের নোভা ডেম্বায় ‘কোয়ালিশা ২০২৬’ নামে একটি সামরিক মহড়া চলছে। এতে ‘কোয়ালিশন অব দ্য উইলিং’ জোটের ১১টি দেশ অংশ নিচ্ছে। প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের দাবি, পোলিশ সেনাদের সহযোগিতায় চলা এই মহড়ার ঠিক কাছাকাছি এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন এসে পড়াটা উদ্দেশ্যপ্রণোদিত।
এদিকে পোল্যান্ড সফরে থাকা যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং বলেছেন, রাশিয়ার অবৈধ যুদ্ধের প্রভাব এখন ইউক্রেনের গণ্ডি পেরিয়ে প্রতিবেশী দেশগুলোতেও ছড়িয়ে পড়ছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামও এই ঘটনাকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। পাশাপাশি ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা পোল্যান্ডের প্রতি সংহতি জানিয়ে যুদ্ধ বন্ধে রাশিয়াকে আলোচনার টেবিলে আসার আহ্বান জানিয়েছেন।