ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস ট্রেনে আগুন, আটক দুই যুবক
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী ‘তিতাস কমিউটার’ ট্রেনের একটি কোচে (বগিতে) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বগিটির বেশ কয়েকটি আসন ক্ষতিগ্রস্ত হয়েছে। নাশকতামূলক এই কর্মকাণ্ডে জড়িত থাকার সন্দেহে মোরছালিন (১৮) ও রনি (২০) নামের দুই তরুণকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মঙ্গলবার (১০ নভেম্বর) দিনগত রাত আনুমানিক ৩টার দিকে ট্রেনটি স্টেশনে শান্টিং করার সময় এই আগুনের সুত্রপাত হয়।
রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও আখাউড়া স্টেশন সূত্রে জানা যায়, প্রতিদিন সকাল ৫টায় তিতাস কমিউটার ট্রেনটি ঢাকার উদ্দেশে যাত্রার প্রস্তুতি নেয়। বুধবার ভোররাতে শান্টিংয়ের সময় ট্রেনের একটি বগির ভেতর থেকে হঠাৎ আগুন জ্বলতে দেখেন গেটকিপার স্বাধীন আহমেদ। তিনি সঙ্গে সঙ্গে বিষয়টি রেল কন্ট্রোল রুম ও ফায়ার সার্ভিসকে অবহিত করেন। তথ্য পাওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিক তদন্ত শেষে সংশ্লিষ্টদের ধারণা, দাহ্য পদার্থ ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই অগ্নিকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে।
ঘটনার বিষয়ে আখাউড়া রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট মো. নুরুন্নবী জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বগিটিকে মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। এই সাময়িক বিভ্রাটের কারণে নির্দিষ্ট সময়ের ১ ঘণ্টা পর ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।
এদিকে আরএনবির ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম নিশ্চিত করেছেন যে, অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই জিআরপি ও আরএনবির যৌথ একটি টিম দ্রুত অভিযান পরিচালনা করে সন্দেহভাজন দুই যুবককে আটক করতে সক্ষম হয়।