ঢাকার বস্তিকে 'দিল্লি' বানিয়ে ভিডিও প্রচার, চীনা ভ্লগারদের কান্ডে ভারতের উদ্বেগ
বাংলাদেশের রাজধানী ঢাকার দরিদ্র এলাকাগুলোকে ভারতের রাজধানী নয়াদিল্লি হিসেবে উপস্থাপন করে ভিডিও প্রচারের অভিযোগ উঠেছে চীনা কিছু ভ্লগারের বিরুদ্ধে। এ ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) নয়াদিল্লিতে নিয়মিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, "কোনো দেশের বিকৃত চিত্র তুলে ধরার এমন অপচেষ্টা সত্যিই দুর্ভাগ্যজনক।"
ভারতের সংবাদসংস্থা এএনআই (ANI)-এর প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১৫০ জন চীনা নাগরিক ঢাকার বিভিন্ন দরিদ্র এলাকায় ঘুরে ঘুরে ভিডিও ধারণ করছিলেন এবং তা ডিজিটাল প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার (লাইভ স্ট্রিমিং) করছিলেন। এসব ভিডিওতে ঢাকার বিভিন্ন বস্তি ও দরিদ্র এলাকাকে ভারতের নয়াদিল্লি বলে প্রচার করা হচ্ছিল।
বাংলাদেশের একটি জাতীয় দৈনিকের অনুসন্ধানী সূত্রের বরাতে জানানো হয়, ঢাকার টেকপাড়া ও উত্তরার বিভিন্ন এলাকায় এসব চীনা ভ্লগারদের সক্রিয় থাকতে দেখা গেছে। লাইভ সম্প্রচারগুলোতে ওই অঞ্চলের বাসিন্দাদের জীবনযাত্রা ও অবকাঠামো নিয়ে নানা অবমাননাকর মন্তব্য করা হয়। উইচ্যাট ও দৌইন-এর মতো জনপ্রিয় চীনা অ্যাপে এসব কনটেন্ট প্রচার হচ্ছিল। স্থানীয় বাসিন্দাদের অনুমতি না নিয়ে আবাসিক এলাকা, এমনকি রান্নাঘর ও ব্যক্তিগত স্থানে ঢুকে ভিডিও করার কারণে তাদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, চীনা ভ্লগারদের এ কাজে সাহায্য করার জন্য কিছু স্থানীয় ব্যক্তিকেও সম্পৃক্ত করা হয়েছিল, যাদের প্রতিদিন ৭০০ থেকে ৮০০ টাকা করে দেওয়া হতো। বিষয়টিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নজরদারি বাড়িয়েছে এবং তাদের প্রকৃত উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল আরও বলেন, "ঢাকাকে দিল্লি বানিয়ে এভাবে মিথ্যা গল্প বা বয়ান তৈরির অপচেষ্টা যারা করছে, এটি মূলত তাদের নিজেদের বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করে।"
এ ধরনের বিভ্রান্তিকর কর্মকাণ্ড রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।