বাংলার জবান
জাতীয়

চসিকে ১৭ কোটি টাকা রাজস্ব ফাঁকি, দুদকের মামলায় ৮ কর্মকর্তা ও ব্যবসায়ী আসামি

10 November 2026, 7:35 AM Tariqul দেখা হয়েছে: 26
চসিকে ১৭ কোটি টাকা রাজস্ব ফাঁকি, দুদকের মামলায় ৮ কর্মকর্তা ও ব্যবসায়ী আসামি
নিজস্ব প্রতিবেদকঃ • 10 November 2026, 7:35 AM

হোল্ডিং ট্যাক্সের বার্ষিক মূল্যায়ন জালিয়াতির মাধ্যমে কমিয়ে সরকারের প্রায় ১৭ কোটি টাকা রাজস্ব আত্মসাৎ বা ক্ষতির অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) একাধিক রাজস্ব কর্মকর্তা ও ব্যবসায়ীসহ আটজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


মঙ্গলবার (১০ নভেম্বর) দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১-এর সহকারী পরিচালক সায়েদ আলম মামলা দুটি দায়ের করেন বলে সংস্থার জনসংযোগ দপ্তর নিশ্চিত করেছে।


মেসার্স এছাক ব্রাদার্স লিমিটেডের হোল্ডিং ট্যাক্স মূল্যায়নে জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় চারজনকে আসামি করা হয়েছে। তারা হলেন—চসিকের রাজস্ব সার্কেল-০৮-এর কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম, উপকর কর্মকর্তা জয় প্রকাশ সেন, হিসাব সহকারী মোহাম্মদ আহছান উল্লাহ এবং প্রতিষ্ঠানটির মালিক আবুল কাশেম।


মামলার এজাহারে বলা হয়, মধ্যম হালিশহর এলাকার মেসার্স এছাক ব্রাদার্স লিমিটেডের হোল্ডিং ট্যাক্সের প্রকৃত বার্ষিক মূল্যায়ন ছিল ২৬ কোটি ৩৮ লাখ ১৯ হাজার ২৫০ টাকা। কিন্তু আসামিরা জালিয়াতির মাধ্যমে তা কমিয়ে মাত্র ৬ কোটি ৩৮ লাখ ১৯ হাজার ২৫০ টাকা হিসেবে রেজিস্টারে নথিভুক্ত করেন। এতে বার্ষিক মূল্যায়ন ২০ কোটি টাকা কমিয়ে দেখানো হয়। এভাবে বার্ষিক ২ কোটি ৮০ লাখ টাকা হারে ২০১৯-২০ অর্থবছর থেকে ২০২২-২৩ অর্থবছরের প্রথম প্রান্তিক পর্যন্ত তিন বছরে সরকারের ৮ কোটি ৪০ লাখ টাকা রাজস্ব ক্ষতি করা হয়েছে।


ইনকন ট্রেড লিমিটেডের হোল্ডিং ট্যাক্স মূল্যায়নে জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় পাঁচজনকে আসামি করা হয়েছে। এই মামলায়ও চসিক কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলমকে আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন—সাবেক উপকর কর্মকর্তা আবুল কাদের, হিসাব সহকারী মনজুর মোরশেদ, হিসাব সহকারী রূপসী রাণী দেব এবং প্রতিষ্ঠানটির মালিক ইউসুফ আবদুল্লাহ হারুন।


এজাহারের তথ্য অনুযায়ী, ইনকন ট্রেড লিমিটেডের হোল্ডিং ট্যাক্সের প্রকৃত বার্ষিক মূল্যায়ন ছিল ২৫ কোটি ৬৭ লাখ ৪ হাজার ৭৫০ টাকা। জালিয়াতির মাধ্যমে তা কমিয়ে ৫ কোটি ৬৭ লাখ ৪ হাজার ৭৫০ টাকা দেখানো হয়। এই প্রতিষ্ঠানেও বার্ষিক মূল্যায়ন ২০ কোটি টাকা কমিয়ে তিন বছরে সরকারের ৮ কোটি ৪০ লাখ টাকা রাজস্ব ফাঁকি দেওয়া হয়।


দুই মামলায়ই আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০-এর ৪০৯ ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।