বাংলার জবান
জাতীয়

গাজী নজরুলের কারাবন্দি ও গ্রেফতারের আনুষ্ঠানিক তথ্য সংসদে জানালেন স্পিকার

9 November 2026, 4:32 PM Tariqul দেখা হয়েছে: 23
গাজী নজরুলের কারাবন্দি ও গ্রেফতারের আনুষ্ঠানিক তথ্য সংসদে জানালেন স্পিকার
নিজস্ব প্রতিবেদকঃ • 9 November 2026, 4:32 PM

আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম (গাজী নজরুল ইসলাম) বর্তমানে কারাগারে বন্দি রয়েছেন। সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রথম দিনের বৈঠকে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম আনুষ্ঠানিকভাবে সংসদকে বিষয়টি জানিয়েছেন।


সংসদের কার্যপ্রণালি বিধির ১৭২ বিধি অনুযায়ী এ সংক্রান্ত একটি চিঠি পাওয়ার কথা উল্লেখ করে স্পিকার ১৭৬ বিধি অনুসারে হাউসে তা পড়ে শোনান।


উত্থাপিত তথ্য অনুযায়ী, গত ২০ সেপ্টেম্বর রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়ের করা একটি সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ন্যাম ভবনের বাসা থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়। পরবর্তীতে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে (দণ্ডবিধির ৩০৬ ধারা) করা মামলায় ২১ সেপ্টেম্বর তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারের পর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর পর থেকেই তিনি কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।


গত ২০ সেপ্টেম্বর রাজধানীর ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর বাসা থেকে সংসদ সদস্য গাজী নজরুলের ১৯ বছর বয়সী দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে গত জুলাই মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে এক তরুণীর সঙ্গে তার একটি ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে বিতর্ক সৃষ্টি হয়। পরবর্তীতে ওই তরুণীকে নিজের দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দেন এই সংসদ সদস্য।


মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের জুনেই তাদের বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকে মরিয়ম ওই সংসদ সদস্যের প্রথম স্ত্রী মাকসুদা ইসলামের সঙ্গে একই বাসায় বসবাস করে আসছিলেন। এ সময় স্বামী ও সতিনের নির্যাতনের শিকার হওয়ার কথা তিনি পরিবারকে জানিয়েছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।


মরিয়মের মৃত্যুর ঘটনায় তার বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। ওই মামলায় সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়। পুলিশ ইতিমধ্যে এই মামলায় সংসদ সদস্য ও তার প্রথম স্ত্রীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে।