গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শ্রমিকদের লক্ষ্য করে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
শনিবার (১৪ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে ৮ থেকে ১০টি কারখানার শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শ্রমিকরা কারখানায় প্রবেশ করে হাজিরা দেওয়ার পর সেখান থেকে বেরিয়ে আসেন। কয়েক দিন আগে শ্রমিক আন্দোলনের সময় এপেক্স কারখানার এক নারী শ্রমিক আহত হওয়ার পর মারা গেছেন—এমন একটি খবর ছড়িয়ে পড়ে। এর জের এবং বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা বিক্ষোভে নামেন।
একপর্যায়ে শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় দীর্ঘ যানজট। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
খবর পেয়ে পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তবে এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শ্রমিকদের একাংশ পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করেন।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। একপর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল আবার শুরু হয়।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার ৮ থেকে ১০টি কারখানার শ্রমিকরা হাজিরা দিয়ে বেরিয়ে এসে মহাসড়ক অবরোধ করেন। প্রথমে তাঁদের বুঝিয়ে সরানোর চেষ্টা করা হলেও পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়।
বেলা সাড়ে ১১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর মহাসড়কে যান চলাচলও স্বাভাবিক হয়ে আসে।