সংকটাপন্ন ব্যাংকে বিপিসির ৪৮১৩ কোটি টাকা, কমিশন বাণিজ্যের সন্দেহে ৭ সদস্যের তদন্ত কমিটি
সংকটাপন্ন বিভিন্ন বেসরকারি ব্যাংকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এবং এর আওতাধীন কোম্পানিগুলোর মোট ৪ হাজার ৮১৩ কোটি ৩২ লাখ টাকা আটকে রয়েছে। কোন প্রক্রিয়ায়, কার সুপারিশে এবং ঠিক কী উদ্দেশ্যে আর্থিক সংকটে থাকা এসব ব্যাংকে এত বিপুল পরিমাণ অর্থ জমা রাখা হয়েছিল, তা খতিয়ে দেখতে সাত সদস্যের একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠন করেছে বিপিসি।
গত ৩ নভেম্বর বিপিসির সচিব শাহিনা সুলতানা স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়।
কমিটিকে আগামী এক মাসের মধ্যে তদন্ত কাজ শেষ করে বিপিসি চেয়ারম্যানের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই কমিটিতে বিপিসির পরিচালক (অর্থ) নাজনীন পারভীনকে আহ্বায়ক এবং ব্যবস্থাপক (হিসাব) মো. আল-আমীনকে সদস্য সচিব করা হয়েছে।
বিপিসির অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, অস্বাভাবিক উচ্চ সুদের প্রলোভন দেখিয়ে কোনো ধরনের কমিশন বাণিজ্য, ঘুষ গ্রহণ কিংবা ব্যক্তিস্বার্থে এসব আমানত রাখা হয়েছিল কি না, তা গভীরভাবে খতিয়ে দেখবে এই কমিটি। একই সঙ্গে অনৈতিক যোগাযোগ বা স্বজনপ্রীতির মাধ্যমে অর্থ গচ্ছিত রাখা হয়ে থাকলে তার সঙ্গে জড়িত দায়ী ব্যক্তিদের শনাক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
সংকটাপন্ন এসব বেসরকারি ব্যাংকে ফিক্সড ডিপোজিট রিসিটের (এফডিআর) বিপরীতে থাকা বিপুল পরিমাণ এই অর্থ দ্রুত নগদায়ন ও ফেরত আনার কার্যকর উপায় সুপারিশ করবে এই কমিটি। এর পাশাপাশি ভবিষ্যতে বিপিসি ও এর অধীনস্থ প্রতিষ্ঠানগুলোর স্থায়ী আমানত নিরাপদ রাখতে আর্থিক দিক থেকে সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাংক বাছাই করার বিষয়েও দিকনির্দেশনামূলক সুপারিশ প্রদান করবে তারা।