শুরু হচ্ছে এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা
২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফরম পূরণের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৬ নভেম্বর থেকে ফরম পূরণ শুরু হয়ে জরিমানা ছাড়া চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। এরপর ২৪ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত বিলম্ব ফি দিয়ে ফরম পূরণের সুযোগ পাবেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, দশম শ্রেণির নির্বাচনি (টেস্ট) পরীক্ষা গ্রহণ এবং ফল প্রকাশের শেষ সময় আগামী ১৫ নভেম্বর। তার পরদিনই অর্থাৎ ১৬ নভেম্বর থেকে ফরম পূরণ প্রক্রিয়া শুরু হবে।
বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণের ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৪৩৫ টাকা। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফি ২ হাজার ৩১৫ টাকা ধরা হয়েছে।
কারিগরি শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৭ সালের এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার্থীদের টিসি (TC) ও পিসি (PC) নম্বর অনলাইনে এন্ট্রির সময় ১৯ থেকে ৩০ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। একই সময়ে শুরু হয়ে তাদের ফরম পূরণ চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।
নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ব্যর্থ হলে ১৬ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষার্থীপ্রতি ৩০০ টাকা বিলম্ব ফি দিয়ে ফরম পূরণ করা যাবে। এর পর ২৫ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষার্থীপ্রতি ৩০০ টাকা বিলম্ব ফি এবং প্রতিষ্ঠানপ্রতি অতিরিক্ত এক হাজার টাকা জরিমানা দিয়েও ফরম পূরণের সুযোগ থাকবে।
কারিগরি বোর্ডের ফি কাঠামোর মধ্যে রয়েছে—পরীক্ষার ফি ৪০০ টাকা, নম্বরপত্র ৮০ টাকা, সনদপত্র ১২০ টাকা ও বাস্তব প্রশিক্ষণ ফি ১৫০ টাকা। প্রযোজ্য ক্ষেত্রে সংযোগ রক্ষাকারী ফি ৩০০ টাকা এবং ব্যবহারিক পরীক্ষার ঐচ্ছিক বিষয়সহ মোট ৬টি বিষয়ের জন্য প্রতি বিষয়ে ৩৫ টাকা হারে ২১০ টাকা ফি দিতে হবে। ভোকেশনাল পরীক্ষার যাবতীয় ফি ‘সোনালী সেবা’র মাধ্যমে ২০২৭ সালের ৪ থেকে ১২ জানুয়ারির মধ্যে জমা দিতে হবে।