Tuesday, 17 November 2026 অ্যাডমিন লগইন
বাংলার জবান
জাতীয়

টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার আসামিদের ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

17 November 2026, 4:34 PM Tariqul দেখা হয়েছে: 10
টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার আসামিদের ছিনিয়ে নিল দুর্বৃত্তরা
নিজস্ব প্রতিবেদকঃ • 17 November 2026, 4:34 PM


নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় থানার লকার ভেঙে গ্রেপ্তার হওয়া আসামিদের ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাইকিং করে লোক জড়ো করে এই হামলা চালান বলে স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।


প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, মঙ্গলবার বিকেলে টুঙ্গিপাড়া থানা-পুলিশ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী ও সমর্থককে গ্রেপ্তার করে। এর জেরে ছাত্রলীগের নেতাকর্মীরা থানায় গিয়ে গ্রেপ্তার ব্যক্তিদের ছাড়িয়ে আনার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে স্থানীয় মসজিদ থেকে ঘোষণা দিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংগঠিত হয়ে থানায় হামলা চালান।


হামলাকারীরা থানা ভবনসহ পুলিশ কম্পাউন্ডে থাকা পুলিশের গাড়ি, মোটরসাইকেল ও পুলিশ মেসে আগুন ধরিয়ে দেন। এ ছাড়া থানার লকার ভেঙে গ্রেপ্তার আসামিদের ছিনিয়ে নেওয়ার পাশাপাশি পুলিশের অস্ত্র লুটের ঘটনাও ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড, কাঁদুনে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে। এই সংঘর্ষে পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়ে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।


এ বিষয়ে জানতে জেলা ও থানা পর্যায়ের একাধিক পুলিশ কর্মকর্তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কল রিসিভ করেননি। গোপালগঞ্জ জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ থেকে একজন কর্মকর্তা ফোন ধরে পরে কথা বলবেন বলে সংযোগ বিচ্ছিন্ন করে দেন।


টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম জানান, থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে গ্রেপ্তার ব্যক্তিদের নিয়ে যাওয়ার খবর তিনি শুনেছেন; তবে থানা থেকে অস্ত্র লুট হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাননি।


এদিকে, থানায় অগ্নিকাণ্ডের খবর পেয়েও নিরাপত্তাজনিত কারণে ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি ফায়ার সার্ভিস। টুঙ্গিপাড়া উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান বলেন, "আমরা আগুনের খবর পেয়েছি এবং আমাদের গাড়ি রাস্তায় প্রস্তুত রয়েছে। কিন্তু নিরাপত্তার অভাবে আমরা ঘটনাস্থলে যেতে পারছি না।"


অন্যদিকে, খবর পেয়ে গোপালগঞ্জ জেলা সদর থেকে পুলিশের রিজার্ভ ফোর্স টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা দিলে পথিমধ্যে নিলফা বাজার এলাকায় সড়কে গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড সৃষ্টি করেন বিক্ষোভকারীরা। সেখানে আনসার ব্যাটালিয়নের একটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া একই রাতে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস. এম. জিলানীর বাড়িতেও আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।