আবারও প্রাণনাশের হুমকি পেলেন এমপি মাহমুদা মিতু
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু আবারও ফোনে প্রাণনাশের হুমকি পেয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁও থানায় হুমকির বিষয়ে অভিযোগ জানাতে গেলে ঠিক ওই সময়েই তাঁকে ফোন করে হত্যার হুমকি দেওয়া হয়।
এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত ঘটনাস্থল থেকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার দুপুর ২টার দিকে ডা. মাহমুদা মিতু যখন তেজগাঁও থানায় অভিযোগ দায়ের করতে উপস্থিত হন, ঠিক সেই মুহূর্তে একটি বাংলাদেশি নম্বর থেকে তাঁর ফোনে কল আসে। এ সময় কল রিসিভ করতেই তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
এর আগে গত রোববার (১৫ নভেম্বর) বিকেল ৫টা ২৯ মিনিটেও জাতীয় সংসদে অবস্থানরত অবস্থায় একটি অপরিচিত নম্বর থেকে ফোন করে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। ওই সময় হুমকিদাতাকে বলতে শোনা যায়, "পরিবারের মায়া থাকলে দেশ থেকে ভাগেন" এবং "টুকরা টুকরা করা হবে"।
ডা. মাহমুদা মিতু জানিয়েছেন, গত বেশ কিছুদিন ধরেই তিনি সরাসরি ফোনকল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিয়মিত এ ধরনের প্রাণনাশের হুমকি পেয়ে আসছেন। এসব হুমকির মেসেজে ভারতের আলোচিত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নামও ব্যবহার করা হচ্ছে।
বিষয়টি নিয়ে গত শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বিস্তারিত জানান এবং হুমকির বেশ কিছু স্ক্রিনশটও প্রকাশ করেন। যার মধ্যে একটি ভারতীয় নম্বর থেকে পাঠানো মেসেজে লরেন্স বিষ্ণোইয়ের নাম উল্লেখ ছিল।