Friday, 6 November 2026 অ্যাডমিন লগইন
বাংলার জবান
জাতীয়

ভারতীয় ভিসার নিয়মে কড়াকড়ি, নতুন ফরমে দিতে হবে যেসব তথ্য

6 November 2026, 5:09 AM views 20
ভারতীয় ভিসার নিয়মে কড়াকড়ি, নতুন ফরমে দিতে হবে যেসব তথ্য
নিজস্ব প্রতিবেদকঃ • 6 November 2026, 5:09 AM

ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন সব ধরনের ভিসা আবেদনের নিয়মে নতুন কড়াকড়ি আরোপ করেছে। এখন থেকে পর্যটন, চিকিৎসা ও ব্যবসাসহ যেকোনো ক্যাটাগরির ভিসার আবেদন করার সময় নির্ধারিত ফরম্যাটে একটি অঙ্গীকারনামা বা ‘ভিসা আন্ডারটেকিং ফর্ম’ জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। এই নিয়মের ব্যত্যয় ঘটলে বা নির্ধারিত ফরম্যাটে অঙ্গীকারনামা জমা না দিলে কোনো আবেদনই গ্রহণ করা হবে না।


গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) হাইকমিশনের ভিসা-সংক্রান্ত পোর্টালে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নতুন নির্দেশনার কথা জানানো হয়।


হাইকমিশনের নির্দেশনা অনুযায়ী, আবেদনকারীদের প্রথমে তাদের নির্দিষ্ট লিংক থেকে ‘ভিসা আন্ডারটেকিং ফর্ম’ ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করতে হবে। এরপর পূরণকৃত ফর্মটি স্ক্যান করে এনআইসি ভিসা অ্যাপ্লিকেশন পোর্টালে অনলাইন আবেদনের সঙ্গে আবশ্যিকভাবে আপলোড করতে হবে। হাইকমিশন সাফ জানিয়ে দিয়েছে, অন্য কোনো বা মনগড়া ফরম্যাটে এই অঙ্গীকারনামা জমা দিলে তা সম্পূর্ণ বাতিল বলে গণ্য হবে।


এক পাতার এই অঙ্গীকারনামাটিতে আবেদনকারীকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে লিখিত প্রতিশ্রুতি দিতে হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— যে উদ্দেশ্যে ভিসার আবেদন করা হচ্ছে, ভারত সফর কেবল সেই নির্দিষ্ট উদ্দেশ্যেই সীমাবদ্ধ রাখা। আবেদনের তারিখে আবেদনকারী ঢাকার ভারতীয় হাইকমিশনের অধিক্ষেত্রের ভেতরেই বসবাস করছেন এবং আবেদনে দেওয়া সমস্ত তথ্য সম্পূর্ণ সত্য ও সঠিক মর্মে ঘোষণা প্রদান। নির্দিষ্ট মেয়াদ শেষে নিজ দেশে ফিরে আসা এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও ভারতে অবস্থান না করা। ভারতে অবস্থানকালীন দেশটির প্রচলিত আইন, বিধিবিধান ও সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শন এবং কোনো ধরনের বেআইনি কর্মকাণ্ডে লিপ্ত না হওয়া।


ফর্মের প্রথমাংশে পাসপোর্ট অনুযায়ী আবেদনকারীর নাম, পাসপোর্ট নম্বর, জাতীয়তা, জন্মতারিখ ও ঢাকার বর্তমান ঠিকানা পূরণ করতে হবে। দ্বিতীয় অংশে পর্যটন, ব্যবসা, চিকিৎসা কিংবা সম্মেলনে অংশগ্রহণের মতো ভারত সফরের সুনির্দিষ্ট উদ্দেশ্য উল্লেখ করতে হবে।


অঙ্গীকারনামায় স্পষ্টভাবে সতর্ক করা হয়েছে যে, উল্লিখিত শর্তগুলোর যেকোনো একটি ভঙ্গ করা হলে প্রার্থীর ভিসা তৎক্ষণাৎ বাতিল করা হতে পারে। এমনকি এর ফলে ভবিষ্যতে ভারতীয় ভিসা পাওয়ার যোগ্যতাও চিরতরে ক্ষতিগ্রস্ত হতে পারে।


ফর্মের একেবারে শেষ অংশে আবেদনকারীকে নিজের স্বাক্ষর, স্থান ও তারিখ উল্লেখ করতে হবে। তবে আবেদনকারী যদি অপ্রাপ্তবয়স্ক হন, তবে সে ক্ষেত্রে মা ও বাবা উভয়ের স্বাক্ষর থাকা বাধ্যতামূলক করা হয়েছে।