Wednesday, 18 November 2026 অ্যাডমিন লগইন
বাংলার জবান
জাতীয়

আওয়ামী লীগকে শেল্টার দিচ্ছেন প্রধানমন্ত্রীর সহকারী সাইয়েদ আব্দুল্লাহ!

18 November 2026, 4:42 PM New Admin দেখা হয়েছে: 29
আওয়ামী লীগকে শেল্টার দিচ্ছেন প্রধানমন্ত্রীর সহকারী সাইয়েদ আব্দুল্লাহ!
নিজস্ব প্রতিবেদকঃ • 18 November 2026, 4:42 PM

প্রশাসনের ভেতরে থাকা আওয়ামী লীগপন্থী কর্মকর্তা ও নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগ উঠেছে প্রধানমন্ত্রীর সহকারী সাইয়েদ আব্দুল্লাহর বিরুদ্ধে।


বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে এ বিষয়ে সরব হয়েছেন পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান।


তিনি অভিযোগ করেন, তাঁর নির্বাচনি এলাকার আওয়ামী লীগপন্থী এক ওসিকে সাইয়েদ আব্দুল্লাহর আশ্রয়-প্রশ্রয়ে রাখা হয়েছে। এ কারণে অভিযোগ ওঠার পরও ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।


সংসদে বক্তব্যে নাজিবুর রহমান বলেন, প্রশাসনের ভেতরে থাকা ফ্যাসিবাদের অনুসারীদের শুধু বদলি করলেই হবে না, তাঁদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নিতে হবে। এ লক্ষ্যে দেশের প্রতিটি সংসদীয় আসনে সংশ্লিষ্ট সংসদ সদস্যদের নেতৃত্বে কমিটি গঠনের প্রস্তাব দেন তিনি। তাঁর এই প্রস্তাবের সময় সংসদ সদস্যদের টেবিল চাপড়ে সমর্থন জানানোর বিষয়টিও আলোচনায় আসে।


মসজিদে হামলার ঘটনায়ও উঠেছে সাইয়েদ আব্দুল্লাহর নাম


এর আগে পাবনার সাঁথিয়ার আফতাবনগর বাজার জামে মসজিদে জুমার নামাজের ইমামতি করতে গিয়ে বাধা ও হামলার মুখে পড়ার অভিযোগ করেছিলেন সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান। ওই ঘটনায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা ও মারধরের অভিযোগ ওঠে।


নাজিবুর রহমানের অভিযোগ, এ ঘটনার পেছনেও প্রধানমন্ত্রীর সহকারী সাইয়েদ আব্দুল্লাহর আশ্রয়-প্রশ্রয় ও ইন্ধন রয়েছে। তাঁর দাবি, স্থানীয় পর্যায়ে রাজনৈতিক প্রভাব বিস্তারের মাধ্যমে তাঁর নির্বাচনি এলাকায় নানা প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে।


তুরস্কে জামায়াতের সংবাদ সম্মেলনে বাধার অভিযোগ


সম্প্রতি তুরস্কে জলবায়ু সম্মেলনে জামায়াতের প্রতিনিধি ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর সংবাদ সম্মেলন আয়োজন নিয়েও বিতর্ক তৈরি হয়। জামায়াতের অভিযোগ, বাংলাদেশ প্যাভিলিয়নে নির্ধারিত সময়ে সংবাদ সম্মেলন করতে বাধা দেওয়া হয়েছিল। এ ঘটনায়ও সাইয়েদ আব্দুল্লাহর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির নেতারা।


পরে অন্যান্য গণমাধ্যমকে সামনে রেখে সংবাদ সম্মেলনের আয়োজন করে জামায়াতের প্রতিনিধি দল।


প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষায়


একদিকে প্রশাসনের আওয়ামী লীগপন্থী কর্মকর্তাদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া, অন্যদিকে জামায়াতের সংসদ সদস্যদের কার্যক্রমে বাধা সৃষ্টির অভিযোগ—সব মিলিয়ে প্রধানমন্ত্রীর সহকারী সাইয়েদ আব্দুল্লাহর ভূমিকা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।


সংসদে নাজিবুর রহমানের বক্তব্যের পর এসব অভিযোগের বিষয়ে প্রধানমন্ত্রী ও সরকারের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।


তবে এসব অভিযোগের বিষয়ে সাইয়েদ আব্দুল্লাহর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।