Tuesday, 17 November 2026 অ্যাডমিন লগইন
বাংলার জবান
জাতীয়

আ.লীগের সহিংসতায় কৃষক দল নেতা নিহত

17 November 2026, 5:36 PM Tariqul দেখা হয়েছে: 27
আ.লীগের সহিংসতায় কৃষক দল নেতা নিহত
নিজস্ব প্রতিবেদকঃ • 17 November 2026, 5:36 PM

ফরিদপুরের ভাঙ্গায় ককটেল বিস্ফোরণে রাজু মোল্লা (৩৪) নামে এক কৃষক দল নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে উপজেলার হামিরদী ইউনিয়নের হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত রাজু মোল্লা ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আক্তার মোল্লার ছেলে এবং ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।


স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সোয়া ৯টার দিকে হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা একটি মিছিল বের করেন। প্রত্যক্ষদর্শীদের দাবি অনুযায়ী, ওই মিছিল থেকে হামিরদীতে অবস্থিত স্থানীয় বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালানো হয় এবং সেখানে উপস্থিত থাকা রাজু মোল্লাকে লক্ষ্য করে একটি ককটেল নিক্ষেপ করা হয়। ককটেল বিস্ফোরণে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে রাত ৮টার দিকেও ওই এলাকায় তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।


ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সোহাগ মিয়া জানান, রাজুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।


এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম অভিযোগ করে বলেন, "আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের একজন নেতাকে একা পেয়ে হত্যা করেছে।"


ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রায়হান গফুর জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, "নিহতের মরদেহ বর্তমানে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। গুলি নাকি ককটেল বিস্ফোরণে তার মৃত্যু হয়েছে, তা এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না; বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।"


পুলিশ কর্মকর্তা আরও জানান, ঘটনার পর থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও বর্তমানে তা স্বাভাবিক রয়েছে। তবে এলাকায় থমথমে পরিস্থিতি ও উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।