গাজীপুরে বিক্ষুব্ধ শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন
বেতন বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক আন্দোলনে আজও উত্তাল গাজীপুর শিল্পাঞ্চল। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মালেকের বাড়ি, ছয়দানা ও হারিকেন এলাকা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন পোশাকশ্রমিকরা। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে এবং বিক্ষুব্ধ শ্রমিকরা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) একটি সাদা রঙের গাড়িতে আগুন ধরিয়ে দেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আশিক সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন। মুঠোফোনে তিনি জানান, অগ্নিসংযোগের শিকার গাড়িটি জিএমপির ছিল; তবে এ বিষয়ে তিনি তাৎক্ষণিকভাবে বিস্তারিত আর কিছু জানাননি।
খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. রাজীব হোসেন জানিয়েছেন, পুড়ে যাওয়া গাড়িটি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের।
পুলিশ সূত্রে জানা গেছে, সকালে শ্রমিক বিক্ষোভের পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ওই গাড়িটি নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন জিএমপির উপপুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ।
ঘটনার বর্ণনা দিয়ে এই পুলিশ কর্মকর্তা জানান, মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা বিক্ষোভ করছিলেন। পরিস্থিতি দেখতে ঘটনাস্থলে পৌঁছে তিনি গাড়ি থেকে নামার পরপরই আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নেওয়া শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করেন। পুলিশ শ্রমিকদের ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
তিনি আরও বলেন, বিক্ষোভকারীরা আগে থেকেই তার গাড়িটিকে লক্ষ্য করে রেখেছিলেন এবং একপর্যায়ে গাড়িটিতে আগুন ধরিয়ে দেন। তবে তিনি নিজে অক্ষত ও নিরাপদে আছেন বলে নিশ্চিত করেছেন।