Monday, 16 November 2026 অ্যাডমিন লগইন
বাংলার জবান
জাতীয়

বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপর্যায়ে বড় রদবদল

16 November 2026, 6:04 AM Tariqul দেখা হয়েছে: 27
বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপর্যায়ে বড় রদবদল
নিজস্ব প্রতিবেদকঃ • 16 November 2026, 6:04 AM


বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপর্যায়ে বড় ধরনের রদবদল আনা হয়েছে। এর অংশ হিসেবে সেনাবাহিনীর একাধিক গুরুত্বপূর্ণ পদে বদলি, পদোন্নতি ও নতুন পদায়ন করা হয়েছে। বিশেষ করে তিনটি পদাতিক ডিভিশনে নতুন জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) নিয়োগ দেওয়ার পাশাপাশি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক (ডিজি) পদেও পরিবর্তন আনা হয়েছে।


রোববার (১৫ নভেম্বর) পৃথক প্রজ্ঞাপন ও আদেশের মাধ্যমে এসব বদলি ও পদায়নের তথ্য জানা যায়।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল তৌহিদুল আহমেদকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।


অন্যদিকে, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদকে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ের (বিপসট) কমান্ড্যান্ট পদে পদায়ন করা হয়েছে। এছাড়া বিপসটের বিদায়ী কমান্ড্যান্ট মেজর জেনারেল হুসাইন মুহাম্মাদ মাসীহুর রহমানকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।


সেনাবাহিনীর তিনটি পদাতিক ডিভিশনের নেতৃত্বেও আনা হয়েছে পরিবর্তন। ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) থেকে মেজর জেনারেল সাজেদুর রহমানকে ৭ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে পদায়ন করা হয়েছে। এই ডিভিশনের বর্তমান জিওসি মেজর জেনারেল আবু হেনা মোহাম্মদ রাজী হাসানকে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে বদলি করা হয়েছে।


পাশাপাশি, ৫৫ পদাতিক ডিভিশনের বর্তমান জিওসি মেজর জেনারেল মো. হাফিজুর রহমান এবং ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল সাঈদ আনোয়ার মাহমুদকে পরবর্তী দায়িত্ব পালনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।