পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে গঠিত মজুরি বোর্ডের তৃতীয় সভা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর শ্রম অধিদপ্তরে এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সভার পরবর্তী তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।
সোমবার সকালে মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজের সই করা এক জরুরি নোটিশে সভা স্থগিতের বিষয়টি জানানো হয়। নোটিশে উল্লেখ করা হয়েছে, গার্মেন্টস শিল্পে কর্মরত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি হার সুপারিশ করার লক্ষ্যে গঠিত বোর্ডের তৃতীয় সভা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে এবং শিগগিরই নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে।
আজকের এই বৈঠকে মালিকপক্ষের পক্ষ থেকে নতুন মজুরি কাঠামোর প্রস্তাব উপস্থাপনের কথা ছিল। এর আগে গত ৯ নভেম্বর অনুষ্ঠিত বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি সর্বনিম্ন ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দেন। ওই দিন মালিকপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো প্রস্তাব দিতে না পারায় তাদের চার কার্যদিবস সময় দেওয়া হয়েছিল। সেই ধারাবাহিকতায় আজকের সভায় মালিকপক্ষ তাদের প্রস্তাব দেবে বলে জানিয়েছিল তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।
বেতন বৃদ্ধির দাবিতে বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে সরকার গত ১ নভেম্বর নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। বোর্ড গঠনের পরও মিরপুর, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জে শ্রমিকদের বিক্ষোভ ও সংঘর্ষ অব্যাহত ছিল। পরবর্তীতে গত ৪ নভেম্বর বোর্ডের প্রথম সভায় আগামী ডিসেম্বর মাস থেকে নতুন বেতন কাঠামো কার্যকরের ঘোষণা দেওয়া হলে শ্রমিকরা ধীরে ধীরে কাজে ফিরতে শুরু করেন।
উল্লেখ্য, চলতি বছর শ্রম আইন সংশোধন করে শ্রমিকদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে। এর আগে সর্বশেষ ২০২৩ সালের নভেম্বরে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ঘোষণা করা হয়েছিল, যা ওই বছরের ডিসেম্বর থেকে কার্যকর হয়। সে হিসেবে বর্তমান মজুরি কাঠামোর তিন বছরের মেয়াদ চলতি নভেম্বর মাসেই শেষ হচ্ছে। ২০২৩ সালে শ্রমিকদের নিম্নতম মজুরি ৮ হাজার টাকা থেকে ৫৬ দশমিক ২৫ শতাংশ বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল।