Monday, 16 November 2026 অ্যাডমিন লগইন
বাংলার জবান
জাতীয়

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

16 November 2026, 5:54 AM Tariqul দেখা হয়েছে: 24
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন
নিজস্ব প্রতিবেদকঃ • 16 November 2026, 5:54 AM


গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা ও দাঙ্গা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সংখ্যক আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার বা এপিসিও (APC) নামানো হয়েছে।


সোমবার (১৬ নভেম্বর) বিজিবির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।


মাঠপর্যায়ে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যদের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ ও সমন্বয় করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হয়েছে। মোতায়েন করা সদস্যদের একটি বড় অংশের সঙ্গে বডি ওর্ন ক্যামেরা যুক্ত করা হয়েছে। পাশাপাশি ড্রোন প্রযুক্তি ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে মাঠের কার্যক্রমের সরাসরি ভিডিও ফুটেজ সংগ্রহ ও তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বিজিবি সদর দপ্তরের বিশেষ মনিটরিং সেল থেকে পুরো নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়া যায়।


স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েন করা এসব বিজিবি সদস্য জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্ব পালন করছেন। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে সাধারণ মানুষের জানমাল রক্ষায় তারা কাজ করে যাচ্ছেন।


দায়িত্ব পালনের সময় সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্য বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম যেন ব্যাহত না হয়, সে বিষয়েও বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।


বিজিবি জানিয়েছে, দেশের সীমান্ত সুরক্ষা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা বিধানে বাহিনীটি সবসময় প্রস্তুত রয়েছে এবং সরকারের অর্পিত যেকোনো দায়িত্ব তারা সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে পালন করতে বদ্ধপরিকর।