বাংলার জবান
জাতীয়

চাঁদা না পেয়ে মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

8 November 2026, 6:02 PM Tariqul দেখা হয়েছে: 25
চাঁদা না পেয়ে মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
নিজস্ব প্রতিবেদকঃ • 8 November 2026, 6:02 PM

বরিশালে তিন লাখ টাকা চাঁদা না পেয়ে এক ঠিকাদারকে মারধর ও তার ব্যবহৃত মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির চার নেতাকর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ঠিকাদার মো. রুস্তম হাওলাদার রোববার (৮ নভেম্বর) বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।


ঘটনাটি ঘটে গত শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাদলা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায়।


অভিযুক্তরা হলেন—মাধবপাশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোল্লা এবং তার সহযোগী বিএনপি ও অঙ্গ-সংগঠনের কর্মী সাকিব হাওলাদার, সজিব হাওলাদার ও মুবিন মোল্লা।


অভিযোগ সূত্রে জানা গেছে, এয়ারপোর্ট থানাধীন মাধবপাশা ইউনিয়নের বাইপাস-হাদিবাসকাঠি ২৬শ মিটার সড়ক নির্মাণকাজে সাব-ঠিকাদার হিসেবে কাজ করছেন রুস্তম হাওলাদার। শনিবার রাতে বাদলা প্রাথমিক বিদ্যালয় মাঠে যাওয়ার পথে অভিযুক্তরা তার কাজে বাধা দেন এবং কাজ চালু রাখতে হলে তিন লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা গালাগাল ও হুমকি দিয়ে তাকে মারধর শুরু করেন। এ সময় ঠিকাদারের সঙ্গে থাকা তার ছেলেসহ অন্যদেরও মারধর করা হয় এবং একটি ডিসকভার মোটরসাইকেল জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয়।


ভুক্তভোগী ঠিকাদার রুস্তম হাওলাদার বলেন, "বিএনপি নেতা মাহবুব মোল্লা আমার কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। টাকা না দেওয়ায় তার লোকজন পাঠিয়ে আমাকে মারধর করে মোটরসাইকেলটি নিয়ে গেছে।"


তবে চাঁদা দাবির বিষয়টি অস্বীকার করে মোটরসাইকেল নেওয়ার কথা স্বীকার করেছেন অভিযুক্ত বিএনপি নেতা মাহবুব মোল্লা। তার দাবি, "সড়কের কাজের অংশীদার হিসেবে সেখানে আমার নিজের বিনিয়োগ রয়েছে। রুস্তমের কাছে পাওনা টাকা আদায় করতে না পেরে মোটরসাইকেলটি আমার কাছে এনে রেখেছি।"


এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, লিখিত একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে সত্যতা প্রমাণিত হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।