বাংলার জবান
জাতীয়

প্রাথমিক স্কুল থেকেই জাতীয় পরিচয়পত্র দেওয়ার কথা ভাবছে ইসি

7 November 2026, 5:22 PM Tariqul দেখা হয়েছে: 1
প্রাথমিক স্কুল থেকেই জাতীয় পরিচয়পত্র দেওয়ার কথা ভাবছে ইসি
নিজস্ব প্রতিবেদকঃ • 7 November 2026, 5:22 PM

দেশের নাগরিকদের প্রাথমিক বিদ্যালয় পর্যায় থেকেই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার বিষয়টি নিয়ে ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। অপ্রাপ্তবয়স্ক তথা ১৬ থেকে ৬ বছর বয়সীদের নিবন্ধনের আওতায় আনতে প্রাথমিক বিদ্যালয় থেকেই এ কার্যক্রম শুরু করার একটি প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়েছে।


শনিবার (৭ নভেম্বর) নির্বাচন কমিশনের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।


জানা গেছে, সম্প্রতি অনুষ্ঠিত ইসির একটি বৈঠকে এই বিষয়টি উত্থাপন করেন ইসি সচিব আখতার আহমেদ। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।


বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ‘জাতীয় পরিচয়পত্র, ভোটার তালিকা এবং নির্বাচন ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তি প্রয়োগ কমিটি’র সভাপতি এবং নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এ সংক্রান্ত বিষয়ে একটি কর্মশালা আয়োজন করে সুনির্দিষ্ট সুপারিশ উপস্থাপনের জন্য এনআইডি মহাপরিচালককে নির্দেশনা দিয়েছেন।


উল্লেখ্য, বর্তমানে নির্বাচন কমিশন সাধারণত ১৭ বা ১৮ বছর বয়স পূর্ণ হলেই নাগরিকদের এনআইডি সেবা দিয়ে থাকে। দেশের বিভিন্ন মহল থেকে দীর্ঘদিন ধরে ১৭ বছরের নিচে অর্থাৎ অপ্রাপ্তবয়স্কদের মাঝেও এ সেবা চালুর দাবি জানানো হচ্ছিল।


ইসি সূত্রে জানা গেছে, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন, যাদের সবারই এনআইডি রয়েছে। ইসির এই নতুন ভাবনা যদি শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়, তবে দেশের নাগরিকরা প্রাথমিক স্কুল থেকেই এনআইডি কার্ড পেতে শুরু করবেন। যদিও অতীতে এমন উদ্যোগের কথা বেশ কয়েকবার ভাবা হলেও তা শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি।