ডিসেম্বর পর্যন্ত রাজপথে থাকতে জামায়াতের ৪১ দিনের কর্মসূচি
বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত টানা কর্মসূচি ঘোষণা করেছে। নাশকতাবিরোধী বিক্ষোভ, সরকারের ব্যর্থতার প্রতিবাদ, আলোচনা সভা, বিজয় দিবসের র্যালিসহ রাজপথে থাকার নানা কর্মসূচি রয়েছে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মগবাজারে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও লোডশেডিং এবং গণভোটের রায় কার্যকর না করে বিরোধী দলকে পাশ কাটিয়ে সরকারের সিদ্ধান্ত গ্রহণ জাতীয় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সহিংসতা করছে। এসব ঘটনায় জনমনে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, জনগণকে সঙ্গে নিয়েই ফ্যাসিবাদকে প্রতিহত করব। ফ্যাসিবাদ প্রতিহত করার অর্থ গাড়ি পোড়ানো নয়, মানুষ খুন করা নয়। নিয়মতান্ত্রিক অহিংস আন্দোলনে জনগণই হচ্ছে আমাদের বড় শক্তি। সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রসঙ্গে পরওয়ার বলেন, জুলাইয়ে যে ইস্যুতে দলগুলো এক মঞ্চে এসেছিল, সেই জুলাই সনদ ও রাষ্ট্রব্যবস্থার সংস্কার বাস্তবায়নে সরকারকে আগে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এক মঞ্চ হতে গেলে যে কারণে জুলাইয়ে এক মঞ্চ হয়েছিল, সেই কারণটা আগে সমাধান করতে হবে।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, নাশকতা রোধ এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে ২১ নভেম্বর ঢাকায় সন্ত্রাসবিরোধী সমাবেশ হবে। ২৫ নভেম্বর দেশের বাকি ১১ মহানগরে একই কর্মসূচি পালন পালন করা হবে। একই দিনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসে জামায়াতের মহিলা বিভাগ মানববন্ধন করবে। সব জেলায় সন্ত্রাসী বিরোধী সমাবেশ মিছিল হবে ২৬ নভেম্বর। ২৯ নভেম্বর ফিলিস্তিন সংহতি দিবসের আলোচনা সভা হবে।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ৩০ নভেম্বর দেশের সব জেলা এবং থানায় নাশকতারোধ এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে মিছিল সমাবেশ করবে জামায়াত। ২ ডিসেম্বর পোশাক শিল্পে অস্থিরতা ও সংকট সমাধানে আলোচনা সভা হবে। ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন ও কেয়ারটেকার সরকার দিবস উপলক্ষে আলোচনা সভা হবে। ৯ ডিসেম্বর হবে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের আলোচনা সভা। ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আইনজীবীদের আলোচনা সভা হবে ঢাকায়। ১৩ ডিসেম্বর ঢাকায় ঢাকায় ব্যবসায়ী সম্মেলন করবে জামায়াত।
১৪ ডিসেম্বর পালন করবে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন। ১৫ ডিসেম্বর জিয় দিবসের আলোচনা সভা এবং ১৬ ডিসেম্বর দেশব্যাপী বিজয় র্যালি আয়োজন করা হবে। ১৯ নভেম্বর শহীদ শরীফ ওসমান বিন হাদির শাহাদাত উপলক্ষে আলোচনা সভা ও দোয়া হবে। ২০ ডিসেম্বর চিকিৎসকদের, ২১ ডিসেম্বর প্রকৌশলীদের এবং ২৩ ডিসেম্বর মহিলা বিভাগের আলোচনা সভা হবে। ২৬ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী রক্তদান, মেডিক্যাল ক্যাম্প এবং যুদ্ধাহত ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের সহায়তা কর্মসূচি চলবে।