এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি ভাঙচুর ও জমি দখলের অভিযোগে মামলা
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিমের বিরুদ্ধে বাড়ি ভাঙচুর, মারধর, মালামাল লুট ও জমি দখলের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। কুষ্টিয়ার দৌলতপুর থানায় শনিবার (১৪ নভেম্বর) মামলাটি করেন উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান টেনশন মোড় এলাকার বাসিন্দা ইদ্রিস আলী (৬৭)।
মামলায় সংসদ সদস্যের বাবা আবদুল হালিমকে একমাত্র এজাহারভুক্ত আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে আবদুল হালিমের দুই ভাইয়ের কাছ থেকে সোয়া চার কাঠা জমি কেনেন ইদ্রিস আলী। জমির দখল বুঝিয়ে নেওয়ার পর সেখানে বাড়ি নির্মাণ করে পরিবারসহ বসবাস শুরু করেন তিনি। তবে পরবর্তীতে ওই জমি দখলের চেষ্টা চালান আবদুল হালিম। এর জেরে গত বছরের ১৩ সেপ্টেম্বর সকালে দেশীয় অস্ত্র নিয়ে আবদুল হালিম ও তার সহযোগীরা ইদ্রিস আলীর বাড়িতে হামলা চালান বলে অভিযোগ করা হয়।
এজাহারে আরও বলা হয়, হামলাকারীরা ইদ্রিস আলীর বসতঘরের বেড়া, দরজা-জানালা, টিনের চাল ও আসবাবপত্র ভাঙচুর করেন, এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়। এ সময় বাধা দিতে গেলে ইদ্রিস আলী ও তার স্ত্রী মিনা খাতুনকে লাঠি দিয়ে মারধর করা হয় এবং ঘর থেকে তিনটি খাট ও ১০ বান্ডেল টিনসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল লুট করে নেওয়া হয়।
ভুক্তভোগী ইদ্রিস আলী উল্লেখ করেন, ঘটনার পর স্থানীয়দের কাছে বিচার চাইতে গেলে উল্টো গত বছরের ১৬ সেপ্টেম্বর তার বিরুদ্ধে দৌলতপুর থানায় একটি মামলা করেন আবদুল হালিম, যে কারণে তাকে কারাগারেও যেতে হয়েছিল। জামিনে মুক্তির পর তিনি জানতে পারেন, সংসদ সদস্য কন্যা নুসরাত তাবাসসুমের প্রভাব খাটিয়ে আবদুল হালিম তার জমিটি পুরোপুরি দখল করে নিয়েছেন। এ বিষয়ে বাড়াবাড়ি করলে অস্ত্র মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি, যার ফলে নিরাপত্তাহীনতায় সপরিবারে এলাকা ছেড়ে শ্বশুরবাড়িতে আশ্রয় নেন।
এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ১২ নভেম্বর আবদুল হালিমের বাড়িতে আগুন লাগার একটি ঘটনা ঘটে। ওই ঘটনায় করা মামলায় তাকে ও তার পরিবারের সদস্যদের জড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে তিনি জানতে পারেন। নিরাপত্তার শঙ্কা ও ভয়ের কারণেই এত দিন মামলা করতে পারেননি বলে জানান তিনি।
বাদী ইদ্রিস আলী বলেন, "আবদুল হালিমের ভাইদের কাছ থেকে আমি জমি কিনেছিলাম। কেনা জমিটি হালিমের বাড়ির নিচের দিকে বাঁশঝাড় এলাকায়। মূলত সেই ঘটনার বিচার চেয়েই থানায় মামলা করেছি।"
এদিকে অভিযোগের বিষয়ে আবদুল হালিম বলেন, "মামলার বিষয়টি আমার জানা নেই। ইদ্রিস আলী এলাকায় থাকেন না এবং এলাকায় অনেকের সঙ্গেই তার বিরোধ রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই তিনি পলাতক বলে আমি জানি।"
তিনি আরও বলেন, "ভাইদের জমি কেনাবেচা নিয়ে একটি বিষয় ছিল। হয়তো কোনো কুচক্রী মহলের প্ররোচনায় এখন এসে ইদ্রিস আলী এই মামলা করেছেন। এ ব্যাপারে আমি এখনো বিস্তারিত কিছু জানি না।"
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান মামলার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার সকালে ইদ্রিস আলী নামের এক ব্যক্তি আবদুল হালিমের বিরুদ্ধে থানায় মামলাটি করেছেন। আর মামলার তদন্তকারী কর্মকর্তা ও দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) মহসীন চৌধুরী জানিয়েছেন, তদন্ত সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।