Saturday, 14 November 2026 অ্যাডমিন লগইন
বাংলার জবান
জাতীয়

শ্রম অসন্তোষ দেখা দিলেই কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের

14 November 2026, 3:19 PM Tariqul দেখা হয়েছে: 2
শ্রম অসন্তোষ দেখা দিলেই কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
নিজস্ব প্রতিবেদকঃ • 14 November 2026, 3:19 PM

দেশের তৈরি পোশাক খাতে চলমান অস্থিরতা নিরসনে কঠোর অবস্থানে গেছেন কারখানা মালিকরা। এখন থেকে কোনো কারখানায় শ্রম অসন্তোষ বা বিশৃঙ্খলা দেখা দিলেই বাংলাদেশ শ্রম আইনের ১৩/১ ধারা অনুযায়ী তা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল রোববার (১৫ নভেম্বর) থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে।


শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর উত্তরায় তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। অসন্তোষের শিকার আশুলিয়া, সাভার, গাজীপুর ও নারায়ণগঞ্জ অঞ্চলের কারখানা মালিকরা বৈঠকে উপস্থিত হয়ে এ সিদ্ধান্তে একমত হন।


বৈঠক শেষে বিজিএমইএ ও বিকেএমইএ-এর যৌথ সংবাদ ব্রিফিংয়ে মালিকদের এই অবস্থানের কথা জানানো হয়। ব্রিফিংয়ে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান ও বিকেএমইএ-এর ভারপ্রাপ্ত সভাপতি ফজলে শামীম এহসানসহ উভয় সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।


শ্রম আইনের ১৩/১ ধারায় কারখানা বন্ধ করার অর্থ হলো ‘কাজ নেই তো মজুরি নেই’ (নো ওয়ার্ক, নো পে)। অর্থাৎ, এই ধারায় যতদিন কারখানা বন্ধ থাকবে, ততদিন শ্রমিকরা কোনো মজুরি পাবেন না।


সংগঠন সূত্রে জানা গেছে, শনিবার এই ধারায় মোট ৫৫টি কারখানা বন্ধ রাখা হয়েছে। এর আগে শুক্রবার শ্রম অসন্তোষের জেরে মোট ১৪৭টি কারখানায় উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ। বাকি ৯২টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করায় ওই সব কারখানার শ্রমিকরা বন্ধের দিনের মজুরি পাবেন।


ব্রিফিংয়ে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান স্পষ্ট করেন যে, সংগঠন হিসেবে বিজিএমইএ বা বিকেএমইএ কোনো কারখানা খোলা বা বন্ধ রাখার সরাসরি নির্দেশ দেওয়ার এখতিয়ার রাখে না; তবে দুপুরের বৈঠকে মালিকরা নিজেরাই ১৩/১ ধারা প্রয়োগের সিদ্ধান্ত জানিয়েছেন।


তিনি বলেন, "পরিস্থিতি পর্যালোচনায় আমরা দেখেছি, অধিকাংশ সাধারণ শ্রমিকই কাজে ফিরতে আগ্রহী। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে এবং তাদের উসকানিতে কিছু শ্রমিক অস্থিরতা তৈরি করছে।" এ পরিস্থিতি মোকাবিলায় তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মালিক ও শ্রমিক—সব পক্ষকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।


সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিজিএমইএ সভাপতি বলেন, একদিকে কারখানায় ভাঙচুর ও অসন্তোষ চলবে, আর অন্যদিকে ন্যূনতম মজুরি বোর্ডের বৈঠক চলবে—এটি অযৌক্তিক। তবে শিল্পের স্বার্থে আগামী সোমবার অনুষ্ঠিতব্য মজুরি বোর্ডের সভায় মালিকপক্ষের প্রতিনিধিরা তাদের ন্যূনতম মজুরির প্রস্তাব উপস্থাপন করবেন বলে তিনি নিশ্চিত করেন।


উল্লেখ্য, এর আগে শুক্রবার শ্রমিক সংগঠনগুলোর এক যৌথ সংবাদ সম্মেলনেও শ্রমিক নেতারা রাজনৈতিক ও ব্যবসায়িক উসকানিতে পা না দিয়ে সাধারণ শ্রমিকদের কাজে ফেরার পরামর্শ দিয়েছিলেন। একই সঙ্গে বিশৃঙ্খলা এড়াতে আইনের ১৩/১ ধারা অনুযায়ী পদক্ষেপ নিতে মালিকদের প্রতি আহ্বান জানিয়েছিলেন তারা