এক দল, একাধিক কমিটি; সংকটে ফ্রান্স বিএনপি
দীর্ঘদিন নতুন কমিটি না হওয়ায় বাড়ছে নেতৃত্বের শূন্যতা ও অসন্তোষ। সামাজিক যোগাযোগমাধ্যমে সম্ভাব্য নতুন কমিটির নামে প্রচারণায় নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে বিভ্রান্তি।
ফ্রান্স বিএনপিতে দীর্ঘদিন ধরে নতুন কমিটি না হওয়ায় সাংগঠনিক অচলাবস্থা ও নেতৃত্বের সংকট ক্রমেই জটিল আকার ধারণ করছে। এর মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্ভাব্য নতুন কমিটির নামে প্রচারণা শুরু হওয়ায় নেতাকর্মীদের মধ্যে নতুন করে বিভ্রান্তি ও মতবিরোধ দেখা দিয়েছে।
মাহবুবুল আলম রাঙ্গাকে সভাপতি এবং মোহাম্মদ রেজাউল করিমকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠনের প্রচারণা চালানো হলেও সংশ্লিষ্ট নেতারা জানিয়েছেন, এ ধরনের কোনো কমিটি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
দলীয় সূত্রে জানা যায়, সর্বশেষ ২০১৪ সালে সৈয়দ সাইফুর রহমানকে সভাপতি এবং এম এ তাহেরকে সাধারণ সম্পাদক করে কেন্দ্রীয়ভাবে ফ্রান্স বিএনপির কমিটি অনুমোদন দেওয়া হয়। পরবর্তী সময়ে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে কেন্দ্রের নির্দেশে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ফ্রান্স বিএনপির তত্ত্বাবধায়ক আনোয়ার হোসেন খোকন বিদ্যমান কমিটি বিলুপ্ত করেন। তবে এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নতুন কোনো কমিটি ঘোষণা করা হয়নি। এতে সংগঠনটির নেতৃত্ব ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে অনিশ্চয়তা ও অসন্তোষ বাড়তে থাকে।
নাম প্রকাশে অনিচ্ছুক ফ্রান্স বিএনপির সাবেক এক সহসভাপতি ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় প্যারিসের রিপাবলিক চত্বরে বিএনপির উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি আয়োজন করতে গিয়ে তাঁরা ত্যাগী নেতাকর্মীর সংকটে পড়েছিলেন। এমনকি কর্মসূচিতে ব্যানার ধরার মতো পর্যাপ্ত নেতাকর্মীও পাওয়া যায়নি। শেষ পর্যন্ত একটি সামাজিক সংগঠনের সহযোগিতায় কর্মসূচি বাস্তবায়ন করতে হয়েছিল।
ওই সাবেক নেতার দাবি, পুরো ফ্রান্সে অন্তত ৮০ জন ত্যাগী বিএনপি নেতাকর্মীকে ওই কর্মসূচিতে উপস্থিত করানো সম্ভব হয়নি। ফোন করেও অনেককে পাওয়া যায়নি। অনেকে ব্যক্তিগত ব্যস্ততার কথা বলে কর্মসূচি এড়িয়ে গিয়েছিলেন। অথচ বর্তমানে গার দ্য নর্দ, লা শাপেল, ক্যাথসিনা কিংবা সারসেলে গেলে বিএনপির নেতাকর্মীর অভাব দেখা যায় না। তাঁর অভিযোগ, যাঁরা সেদিন আন্দোলনে সক্রিয় ছিলেন না, তাঁদের অনেকেই এখন নিজেদের দলের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। তিনি তাঁদের 'হাইব্রিড নেতা' হিসেবে আখ্যায়িত করেন।
এদিকে, ফ্রান্স বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে একাধিক পক্ষের মধ্যে বিরোধের অভিযোগও রয়েছে। স্থানীয় নেতাকর্মীদের দাবি, কেন্দ্রীয়ভাবে কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হলেও স্থানীয় পর্যায়ে একাধিক পক্ষ সেই সিদ্ধান্ত মেনে না নিয়ে নিজেদের মতো করে কমিটি গঠন করছে। ফলে বর্তমানে তিন থেকে চারটি কমিটি সক্রিয় রয়েছে বলে অভিযোগ উঠেছে।
সাবেক এক নেতার ভাষ্য, বিএনপির সুসময়ে ক্ষমতার সম্ভাবনা ও রাজনৈতিক প্রভাবকে কেন্দ্র করে নেতৃত্বের প্রতিযোগিতা বেড়েছে। অথচ দলের দুঃসময়ে যারা রাজপথে সক্রিয় ছিলেন এবং আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখেছেন, তাঁরাই এখন অবমূল্যায়নের শিকার হচ্ছেন।
স্থানীয় বিএনপির নেতাকর্মীদের আরও অভিযোগ, ফ্রান্সে সাংগঠনিক দায়িত্বে থাকা কেন্দ্রীয় নেতাদের ব্যক্তিস্বার্থ ও পারস্পরিক সমন্বয়হীনতার কারণে দীর্ঘদিন ধরে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া ঝুলে রয়েছে। এতে পরীক্ষিত ও ত্যাগী নেতাকর্মীদের মধ্যে হতাশা বাড়ছে এবং সংগঠনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
এমন পরিস্থিতিতে ফ্রান্স বিএনপির সাংগঠনিক অচলাবস্থা নিরসন, নেতৃত্বের বিরোধের অবসান এবং একটি গ্রহণযোগ্য ও ঐক্যবদ্ধ কমিটি গঠনে বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় নেতাকর্মীরা। তাঁদের প্রত্যাশা, দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে ফ্রান্স বিএনপিতে শৃঙ্খলা ও সাংগঠনিক গতিশীলতা ফিরিয়ে আনা হবে।