Friday, 20 November 2026 অ্যাডমিন লগইন
বাংলার জবান
শিক্ষা

কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষার তারিখ জানা গেল

20 November 2026, 4:37 PM Tariqul দেখা হয়েছে: 19
কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষার তারিখ জানা গেল
নিজস্ব প্রতিবেদকঃ • 20 November 2026, 4:37 PM

কৃষিগুচ্ছভুক্ত ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়েছে। ঘোষণা অনুযায়ী, আগামী ২ জানুয়ারি এই পরীক্ষা নেওয়া হবে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) কৃষিগুচ্ছের কেন্দ্রীয় ভর্তি কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি পরীক্ষার জন্য অনলাইন আবেদন শুরু হবে ২৫ নভেম্বর থেকে, যা চলবে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত। ২০২২, ২০২৩ ও ২০২৪ সালে এসএসসি বা সমমান এবং ২০২৫ ও ২০২৬ সালে এইচএসসি বা সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদনের সুযোগ পাবেন। আবেদনের জন্য উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে। পাশাপাশি জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ও গণিত বিষয়ে নির্ধারিত যোগ্যতা পূরণ করতে হবে।


আগামী ২ জানুয়ারি সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টার এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত এই পরীক্ষায় জীববিজ্ঞানে ৩০, পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিতে ২০ করে এবং ইংরেজিতে ১০ নম্বর বরাদ্দ থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।


ভর্তির চূড়ান্ত মেধাতালিকা তৈরি করা হবে মোট ১৫০ নম্বরের ভিত্তিতে। এর মধ্যে ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের সঙ্গে এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ থেকে ৫০ নম্বর যোগ করা হবে।


কৃষিগুচ্ছের ৯টি বিশ্ববিদ্যালয়েই পরীক্ষার কেন্দ্র থাকছে। শিক্ষার্থীরা আবেদন করার সময় নিজেদের পছন্দক্রম অনুযায়ী কেন্দ্র বেছে নিতে পারবেন। এ বছর আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৬০০ টাকা।


কৃষিগুচ্ছের অধীনে থাকা ৯টি বিশ্ববিদ্যালয় হলো: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।