রাজধানীর নতুন বাজারে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন
রাজধানীর নতুন বাজার এলাকায় দাঁড়িয়ে থাকা বৈশাখী পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে কোকাকোলা গেটের বিপরীত পাশে পার্ক করে রাখা বাসটিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। তবে বাসটিতে কোনো যাত্রী না থাকায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় বাসিন্দারা জানান, কোকাকোলা গেটের বিপরীত পাশে বাসটি পার্ক করা অবস্থায় হঠাৎ ধাউ ধাউ করে আগুন জ্বলতে দেখা যায়। এতে আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফলে বাসের আশপাশে থাকা অন্য যানবাহন ও দোকানপাট বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুন লাগার সংবাদ পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে গিয়ে তৎপরতার সঙ্গে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত না হলেও বাসের আনুমানিক ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।