রেমিট্যান্সে ঊর্ধ্বমুখী ধারা, নভেম্বরের ১৪ দিনে এল ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স
চলতি নভেম্বর মাসের প্রথম দুই সপ্তাহে (১৪ দিনে) দেশে ১৬৯ কোটি ২০ লাখ (১.৬৯ বিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২৩ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় ২০ হাজার ৮১১ কোটি টাকারও বেশি। রোববার (১৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, নভেম্বরের ১ তারিখ থেকে ১৪ তারিখ পর্যন্ত দেশে প্রতিদিন গড়ে প্রায় ১২ কোটি ডলারের বেশি প্রবাসী আয় এসেছে। এর মধ্যে কেবল ১২ থেকে ১৪ নভেম্বর—এই তিন দিনেই এসেছে ১৬ কোটি ৬০ লাখ ডলার। গত বছরের একই সময়ে দেশে ১৪৭ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল, যার তুলনায় এবার প্রবাহ উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে।
চল অর্থবছরের সার্বিক চিত্র:
চলতি অর্থবছরের শুরু অর্থাৎ জুলাই থেকে ১৪ নভেম্বর পর্যন্ত মোট ১ হাজার ৩১৫ কোটি ৭০ লাখ (১৩.১৫ বিলিয়ন) ডলার রেমিট্যান্স দেশে এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ১ হাজার ১৬২ কোটি ৮০ লাখ ডলার। সেই হিসেবে বছরের ব্যবধানে দেশের রেমিট্যান্স প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ১৩ দশমিক ১ শতাংশে।