Thursday, 12 November 2026 অ্যাডমিন লগইন
বাংলার জবান
অর্থনীতি

টানা তৃতীয় দফায় কমলো স্বর্ণের দাম, ভরিতে কত?

12 November 2026, 6:36 AM Tariqul দেখা হয়েছে: 22
টানা তৃতীয় দফায় কমলো স্বর্ণের দাম, ভরিতে কত?
নিজস্ব প্রতিবেদকঃ • 12 November 2026, 6:36 AM

দেশের বাজারে টানা তৃতীয় দফায় স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে। ফলে ভ্যাটসহ এক ভরি স্বর্ণের গয়নার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা।


বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সকাল ১০টা থেকেই নতুন এই দাম কার্যকর হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দর নির্ধারণ করা হয়েছে।


বাজুসের নির্ধারিত নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকায় বিক্রি হবে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৩০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।


এর আগে গতকাল বুধবারও (১১ নভেম্বর) ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করেছিল বাজুস। ওই দিন ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৪ হাজার টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছিল। তারও আগে গত ৬ নভেম্বর টানা তিন দফা বাড়ার পর প্রথমবারের মতো ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা করা হয়েছিল।


পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ১৩৬ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৬৫ বার দাম বাড়ানো হয়েছে, ৭০ বার কমানো হয়েছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। উল্লেখ্য, গত ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমেছিল।