Friday, 6 November 2026 অ্যাডমিন লগইন
বাংলার জবান
সারাদেশ

টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় যৌথ অভিযান, সন্ত্রাসীদের গুলিতে সেনাসদস্য নিহত

6 November 2026, 5:40 AM views 4
টেকনাফে মানবপাচারকারীদের আস্তানায় যৌথ অভিযান, সন্ত্রাসীদের গুলিতে সেনাসদস্য নিহত
নিজস্ব প্রতিবেদকঃ • 6 November 2026, 5:40 AM

কক্সবাজারের টেকনাফ উপজেলায় মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে মো. তিতাস শেখ (২৭) নামের এক সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় পাঁচ মানবপাচারকারীকে আটক করা হয়েছে এবং জিম্মি অবস্থায় উদ্ধার করা হয়েছে ৫৭ জনকে।


বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলার রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে এই অভিযান পরিচালিত হয়।


আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে প্রায় ১২০ জন রোহিঙ্গা ও বাঙালি নাগরিককে ১৫-১৬ জনের একটি সশস্ত্র মানবপাচারকারী দল জিম্মি করে রেখেছে—এমন গোপন সংবাদ পায় গোয়েন্দারা। এই খবরের ভিত্তিতে সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং স্থানীয় পুলিশের সমন্বয়ে একটি যৌথ আভিযানিক দল সেখানে অভিযান চালায়।


যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে মানবপাচারকারীরা এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে, যার ফলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। গোলাগুলির একপর্যায়ে সেনাসদস্য তিতাস শেখের বাম কাঁধে গুলি লাগে এবং তিনি গুরুতর আহত হন। অতিরিক্ত রক্তক্ষরণে তার অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়লে তাকে দ্রুত নিকটস্থ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।


পরে অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রামুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।


আইএসপিআর আরও জানায়, অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি দেশীয় বন্দুক এবং চার রাউন্ড গুলি জব্দ করা হয়েছে। এছাড়া চক্রের ৫ জন সক্রিয় সদস্যকে আটক এবং জিম্মি থাকা ৫৭ জন নাগরিককে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয় যৌথ বাহিনী।


কর্তব্যরত অবস্থায় দেশের টানে সেনাসদস্য তিতাস শেখের এই আত্মত্যাগে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। পাশাপাশি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।