ডেঙ্গু প্রতিরোধে শুধু জনসচেতনতামূলক আলোচনা ও সেমিনারে সীমাবদ্ধ না থেকে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। তাঁরা বলেছেন, ডেঙ্গু মোকাবিলায় সিটি করপোরেশনসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করা, মশা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ এবং আক্রান্ত রোগীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা জরুরি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশ নেচার এন্ড এনভায়রনমেন্টাল ফাউন্ডেশনের উদ্যোগে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ‘ডেঙ্গু প্রতিরোধে করণীয়’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
সেমিনারে সভাপতিত্ব করেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রব। এতে উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ নেচার এন্ড এনভায়রনমেন্টাল ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি সৈয়দ শাহিদুর রহমান বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা ও সেমিনার আয়োজন করলেই হবে না; এ জন্য সরকারের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
তিনি বলেন, সিটি করপোরেশনসহ স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় জনগণ প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধসহ নাগরিকদের যথাযথ সেবা নিশ্চিত করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিএমএইচের শিশু বিভাগের অধ্যাপক ডা. মো. মোস্তাফিজুর রহমান।
মূল প্রবন্ধের ওপর আলোচনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নেক্সাস ডিফেন্স এন্ড জাস্টিসের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসান নাসির, সাবেক রাষ্ট্রদূত সাকিব আলী এবং হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. খোরশেদ আলী মিয়া।
এ ছাড়া বক্তব্য দেন সাবেক অতিরিক্ত সচিব আব্দুল হালিম, ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি ডা. মারুফ শাহরিয়ার এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নুর উদ্দিন তালুকদারসহ অন্যরা।
বক্তারা বলেন, বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে। ডেঙ্গু প্রতিরোধে কার্যকর উদ্যোগের ঘাটতির পাশাপাশি আক্রান্ত রোগীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার ক্ষেত্রেও নানা সংকট রয়েছে। ফলে রোগী ও তাঁদের স্বজনদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি জনগণকে সচেতন থাকার আহ্বান জানান তাঁরা।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রব বলেন, ডেঙ্গুতে আক্রান্ত এক লাখেরও বেশি মানুষ শনাক্ত হলেও রোগটি প্রতিরোধে সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ দৃশ্যমান নয়।
তিনি বলেন, রাজনীতি যদি কেবল ক্ষমতা অর্জনের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে জনগণের প্রতি রাজনৈতিক দলগুলোর দায়বদ্ধতা থাকে না। তাঁর মতে, জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমে বিরোধী দলের ভূমিকা দেখা গেলেও সরকারের কাছ থেকে জনগণের জন্য আরও কার্যকর কর্মসূচি প্রত্যাশিত।
বাংলাদেশ নেচার এন্ড এনভায়রনমেন্টাল ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক সেমিনার আয়োজনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, এ ধরনের সামাজিক উদ্যোগ গুরুত্বপূর্ণ হলেও ডেঙ্গু মোকাবিলায় রাজনৈতিক দল ও সরকারের ভূমিকা আরও বেশি জরুরি।
তিনি আরও বলেন, সরকার জনগণের ভোটে নির্বাচিত হওয়ার দাবি করলেও জনগণের কল্যাণে কার্যকর কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন। ডেঙ্গু পরিস্থিতি মহামারির দিকে যেতে পারে বলে সতর্ক করে তিনি অবিলম্বে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
একই সঙ্গে বাংলাদেশ নেচার এন্ড এনভায়রনমেন্টাল ফাউন্ডেশনের মতো অন্যান্য সামাজিক সংগঠনকেও জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার অনুরোধ জানান তিনি।