মবের বিরুদ্ধে কথা বললেও অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি, সংসদে প্রশ্ন জামায়াত এমপি
সুপ্রিম কোর্টের আইনজীবীকে মারধরের অভিযোগে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নকে গ্রেফতার না করায় স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াতের সংসদ সদস্য নাজিবুর রহমান।
মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ বিষয়টি উত্থাপন করেন। একই সঙ্গে অভিযুক্ত নয়নকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
পাবনা-১ আসনের সংসদ সদস্য ও জামায়াতের সংসদীয় দলের মুখপাত্র নাজিবুর রহমান বলেন, দেশে মবের বিরুদ্ধে কথা বলা হলেও সুপ্রিম কোর্টের একজন আইনজীবীর ওপর হামলার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে এখনো গ্রেফতার করা হয়নি।
এ সময় সংসদে উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, এ ঘটনায় দুই মন্ত্রীর পক্ষ থেকে বিবৃতি প্রত্যাশা করেছিলেন তিনি। পাশাপাশি হামলার জন্য দায়ী ব্যক্তিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আশা করেছিলেন।
ঘটনার বিবরণ তুলে ধরে নাজিবুর রহমান বলেন, সুপ্রিম কোর্টের আইনজীবী রাহেদুল ইসলামের ওপর ন্যক্কারজনক হামলা হয়েছে। তার অভিযোগ, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন ও তার সহযোগীরা ওই আইনজীবীকে গাড়ি থেকে জোর করে টেনে বের করেন।
তিনি আরও বলেন, আইনজীবী বারবার নিজের পরিচয় দিয়ে জামায়াতে ইসলামী ও বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের সদস্য হওয়ার কথা জানান। এরপরও তাকে একটি ঘরে আটকে রেখে মারধর করা হয়। রড দিয়ে পিটিয়ে তার হাত ভেঙে দেওয়া হয়েছে বলেও সংসদে অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর বক্তব্য দাবি করে নাজিবুর রহমান অভিযুক্ত যুবদল নেতা নয়নকে গ্রেফতার করে আইনের আওতায় আনার আহ্বান জানান।