গোপালগঞ্জে এমপি এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ
গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
একই দিন সন্ধ্যায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে লাঠিসোঁটা নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে অগ্নিসংযোগ করেন বিক্ষোভকারীরা। এ সময় তারা পুলিশের বাধা উপেক্ষা করে থানার ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালান এবং গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের ছিনিয়ে নেন।
এদিকে, দেশজুড়ে অস্থিতিশীলতা ও নৈরাজ্য সৃষ্টির লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের প্রতি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের দেওয়া নির্দেশনার একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ফাঁস হওয়া অডিও রেকর্ডের তথ্য অনুযায়ী, গত ১৫ নভেম্বর একটি ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়ে আ ক ম মোজাম্মেল হক এবং দলটির কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম আমিন ও ইব্রাহিম হোসেন মুন নেতাকর্মীদের বিভিন্ন নির্দেশনা দেন। ওই রেকর্ডে মোজাম্মেল হককে বলতে শোনা যায়, আগামী ১৯ নভেম্বর দলটির ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচি সফল করতে প্রতিটি ইউনিয়নে অন্তত তিনটি করে বাড়িতে আগুন দিতে হবে। পাশাপাশি তিনি বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর হামলা এবং প্রয়োজনে হত্যার নির্দেশনাও দেন বলে অডিওতে শোনা যায়। এ ছাড়া ওই একই বৈঠকে ইব্রাহিম হোসেন মুনকে বাংলাদেশ সেনাবাহিনীকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য ও গালাগাল করতে শোনা গেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।