ছয় ব্যাংকে আটকে পদ্মা অয়েলের ৩৩৮ কোটি টাকা, অনাদায়ী সুদও যুক্ত হচ্ছে মুনাফায়
তীব্র তারল্য সংকটে পড়া ন্যাশনাল ব্যাংক এবং একীভূতকরণের (মার্জার) প্রক্রিয়ায় থাকা পাঁচটি ইসলামী ব্যাংকে রাষ্ট্রায়ত্ত পদ্মা অয়েল কোম্পানির প্রায় ৩৩৮ কোটি টাকার স্থায়ী আমানত (এফডিআর) আটকে গেছে। বিপুল অঙ্কের এই অর্থ উত্তোলনের একাধিক চেষ্টা করেও ব্যর্থ হয়েছে প্রতিষ্ঠানটি। আমানত ফেরত পাওয়া একপ্রকার অনিশ্চিত হয়ে পড়লেও এই এফডিআরের বিপরীতে অনাদায়ী মুনাফা নিয়মিতভাবে নিজেদের আয় খাতে যোগ করছে কোম্পানিটি।
নিরীক্ষা (অডিট) প্রতিবেদনের পর্যবেক্ষণ অনুযায়ী, পদ্মা অয়েলের এই আটকে পড়া আমানতের মধ্যে এক্সিম ব্যাংকে ১৪৪ কোটি টাকা, গ্লোবাল ইসলামী ব্যাংকে ৭৯ কোটি টাকা, ইউনিয়ন ব্যাংকে ৫৬ কোটি টাকা, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে ৩৬ কোটি টাকা এবং সোশ্যাল ইসলামী ব্যাংকে (এসআইবিএল) ১৬ কোটি টাকা রয়েছে। এর বাইরে ন্যাশনাল ব্যাংকে আটকে আছে আরও ৬ কোটি টাকা। উল্লেখ্য, ন্যাশনাল ব্যাংক বাদে বাকি পাঁচটি ব্যাংক একীভূত হয়ে বর্তমানে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ হিসেবে কার্যক্রম পরিচালনা করছে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে সাত লাখ টাকার বেশি প্রাতিষ্ঠানিক সঞ্চয়কে স্বয়ংক্রিয়ভাবে বার্ষিক মাত্র ৩ শতাংশ মুনাফায় ৫ বছর মেয়াদি আমানতে রূপান্তর করা হয়েছে। এই নিয়মে কাগজে-কলমে সুদের পরিমাণ ১০ কোটি টাকারও কম হওয়ার কথা। কিন্তু অডিটরের পর্যবেক্ষণে উঠে এসেছে, বিপুল এই অর্থ আটকে থাকা সত্ত্বেও গত হিসাব বছরে এর বিপরীতে ৩৫ কোটি ৯৮ লাখ টাকা মুনাফা হিসেবে আয় খাতে যুক্ত করেছে পদ্মা অয়েল। নিরীক্ষকদের মতে, আটকে থাকা এফডিআরের এই অনাদায়ী সুদ আয় খাতে যোগ না করলে কোম্পানিটির প্রকৃত নিট মুনাফার পরিমাণ আরও কম হতো।
তবে সার্বিক ব্যবসায়িক চিত্রে ২০২৫-২৬ হিসাব বছরে পদ্মা অয়েলের মুনাফায় বড় ধরনের প্রবৃদ্ধি দেখা গেছে। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) আগের বছরের ৫৭ টাকা ৩০ পয়সা থেকে বেড়ে ৬৯ টাকা ৪৭ পয়সায় দাঁড়িয়েছে, যার মোট অর্থমূল্য ৬৮২ কোটি টাকা। ব্যবসায়িক এই সাফল্যের ধারাবাহিকতায় শেয়ারহোল্ডারদের জন্য ১৭০ শতাংশ বা শেয়ারপ্রতি ১৭ টাকা নগদ লভ্যাংশ ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।
চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকেও (জুলাই-সেপ্টেম্বর) পদ্মা অয়েলের মুনাফার ঊর্ধ্বমুখী ধারা বজায় রয়েছে। এই তিন মাসে কোম্পানিটি প্রায় ১৭০ কোটি টাকা নিট মুনাফা অর্জন করেছে। ফলে প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি আয় দাঁড়িয়েছে ১৭ টাকা ২৮ পয়সায়, যা আগের বছরের একই সময়ে ছিল ১৬ টাকা ৪ পয়সা।