এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রলবোমা হামলা, দোষীদের শাস্তির দাবি জামায়াত আমিরের
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও জাতীয় নারী শক্তির সদস্যসচিব নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার বাড়িতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই হামলার প্রতিবাদ জানানোর পাশাপাশি জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিবৃতিতে ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১২টার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ করা হয়। ঘটনাটিকে একটি ‘কাপুরুষোচিত হামলা’ হিসেবে অভিহিত করে তিনি এর তীব্র নিন্দা জানান।
অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, "সরকার এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর খেসারত উচ্চ মূল্যে দিতে হবে। এ বিষয়ে নীরব বসে থাকার কোনো সুযোগ নেই।"