Thursday, 12 November 2026 অ্যাডমিন লগইন
বাংলার জবান
জাতীয়

নবম জাতীয় বেতন স্কেলের আওতায় এলেন ইউপি প্রশাসনিক কর্মকর্তারা

12 November 2026, 6:25 AM Tariqul দেখা হয়েছে: 22
নবম জাতীয় বেতন স্কেলের আওতায় এলেন ইউপি প্রশাসনিক কর্মকর্তারা
নিজস্ব প্রতিবেদকঃ • 12 November 2026, 6:25 AM

দেশের ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের জন্য ‘নবম জাতীয় বেতন স্কেল’ কার্যকরের নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। সরকারি এই সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের গত ১ জুলাই থেকেই তারা নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন-ভাতা পাবেন।  


বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।  নির্দেশনায় জানানো হয়, সরকারি কর্মচারীদের জন্য নির্ধারিত ‘জাতীয় বেতন স্কেল, ২০২৬’-এর আওতায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়ার বিষয়ে সরকার সম্মতি প্রদান করেছে। 


তবে নতুন স্কেলে তাদের বেতন নির্ধারণ ও পরিশোধের ক্ষেত্রে অর্থ বিভাগের গত ১৭ সেপ্টেম্বর জারিকৃত এসআরও (SRO)-এর শর্তাবলি যথাযথভাবে অনুসরণ করতে হবে।  প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, ‘স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) কর্মচারী চাকরি বিধিমালা, ২০১১ (সংশোধিত)’-এর বিধি ৮ অনুযায়ী গত ১ জুলাই থেকে তাদের বেতন নতুন জাতীয় বেতন স্কেলে নির্ধারণ করতে হবে।  


সরকারি এই আদেশ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে দেশের সব জেলা প্রশাসক (ডিসি), জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার), জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তাদের কাছে অনুলিপি পাঠানো হয়েছে।