এমপির গাড়িবহরসহ ১০ যানবাহনের সংঘর্ষ, বিএনপি নেতা নিহত, আহত শতাধিক
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় ১০টি যানবাহনের মধ্যে ভয়াবহ চেইন সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে সংঘটিত এ দুর্ঘটনায় এক বিএনপি নেতা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন শতাধিক যাত্রী। ক্ষতিগ্রস্ত যানবাহনের তালিকায় গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহরের দুটি গাড়িও রয়েছে। তবে এমপি নিজে অক্ষত আছেন।
দুর্ঘটনায় রাঘদী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ইলিয়াস ফকির গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে তাৎক্ষণিকভাবে ঢাকায় পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় প্রথমে একটি প্রাইভেটকার ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এর পরপরই পেছন থেকে আসা যানবাহনগুলো নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক ধাক্কা খেতে থাকে। এতে চারটি যাত্রীবাহী বাস, দুটি ট্রাক, দুটি প্রাইভেটকার ও দুটি ইঞ্জিনচালিত ইজিবাইক দুমড়েমুচড়ে যায়। এ ঘটনার পর মহাসড়কটিতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
জানা গেছে, সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম ঢাকা থেকে তার নির্বাচনী এলাকায় যাওয়ার পথে মুকসুদপুরে প্রবেশের সময় বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনার কবলে পড়েন। এতে তার নিজের গাড়িটি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও তিনি সম্পূর্ণ সুস্থ ও অক্ষত আছেন বলে নিশ্চিত করেছেন।
এদিকে, দুর্ঘটনায় রাঘদী ইউনিয়ন বিএনপি নেতা ইলিয়াস ফকিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এমপি সেলিমুজ্জামান সেলিম। এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।