সরকারি কর্মচারীদের জন্য দুঃসংবাদ
নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পর পে-ফিক্সেশনের মাধ্যমে মূল বেতন বাড়লেও সরকারি কর্মচারীরা শ্রান্তি ও বিনোদন ভাতার কোনো অতিরিক্ত বা বকেয়া অর্থ পাবেন না। অর্থাৎ একবার এই ভাতা উত্তোলন করার পর বেতন পুনর্নির্ধারণ করা হলেও নতুন করে কোনো বকেয়া দাবি করার সুযোগ থাকছে না। এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিয়ে অর্থ মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন বা গেজেট জারি করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি-৩ শাখার যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম স্বাক্ষরিত এ গেজেট বুধবার (১১ নভেম্বর) জারি করা হয় এবং বৃহস্পতিবার (১২ নভেম্বর) তা প্রকাশিত হয়।
গেজেটে উল্লেখ করা হয়েছে, সরকারি চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬-এর আওতায় ধাপভিত্তিক বেতনস্কেল কার্যকর হওয়ার সময়কালে শ্রান্তি ও বিনোদন ভাতা প্রাপ্তির ক্ষেত্রে এই নির্দেশনা প্রযোজ্য হবে। বিশেষ করে ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত সময়ের জন্য এই নিয়ম কার্যকর থাকবে।
অর্থ বিভাগের ১৯৮৯ সালের ২০ মার্চের বিধি অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী যে মাসে শ্রান্তি ও বিনোদন ছুটিতে যাবেন, ওই মাসে তার আহরিত মূল বেতনের সমপরিমাণ অর্থ ভাতা হিসেবে পাবেন। নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ক্ষেত্রেও এই একই নিয়ম অনুসরণ করা হবে।
গেজেটে আরও বলা হয়, নতুন বেতন কাঠামোর আওতায় ধাপভিত্তিক বেতন বাস্তবায়ন ও পে-ফিক্সেশনের ফলে পরবর্তীতে মূল বেতন বাড়লেও শ্রান্তি ও বিনোদন ভাতার হিসাব নতুন করে সমন্বয় করা হবে না। সংশ্লিষ্ট কর্মচারী ছুটিতে যাওয়ার মাসে বাস্তবে যে পরিমাণ মূল বেতন উত্তোলন করবেন, ঠিক সেই পরিমাণ অর্থই ভাতা হিসেবে পাবেন। ফলে পে-ফিক্সেশনের মাধ্যমে মূল বেতন বাড়লেও আগের ভাতার বিপরীতে অতিরিক্ত অর্থ বা বকেয়া পাওয়ার কোনো সুযোগ থাকছে না।
অর্থ মন্ত্রণালয়ের এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করার কথা জানানো হয়েছে।