সুবিধাজনক সময়ে হবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ: জয়সওয়াল
স্থগিত হওয়া বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ দুই দেশের সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, বিদ্যমান কাঠামোগত ব্যবস্থার আওতায় বাংলাদেশের সঙ্গে সব দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনায় প্রস্তুত রয়েছে নয়াদিল্লি।
শুক্রবার (১৩ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমইএ) নিয়মিত সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ব্রিফিংয়ে সাংবাদিকরা চলতি সপ্তাহে নির্ধারিত ভারত-বাংলাদেশ কনস্যুলার সংলাপ স্থগিত হওয়ার কারণ জানতে চান। এর পেছনে অবৈধ অভিবাসন নিয়ে ভারতের কোনো উদ্বেগ কাজ করেছে কি না, সে প্রশ্নও তোলা হয়।
জবাবে রণধীর জয়সওয়াল বলেন, "আমি স্পষ্ট করতে চাই, ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায়।" তিনি জানান, বাণিজ্য, রেলওয়ে, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের বিদ্যমান কাঠামোর আওতায় নানা উদ্যোগ নেওয়া হচ্ছে এবং নিয়মিত বৈঠকও চলছে। পরবর্তী কনস্যুলার সংলাপে সংশোধিত ভ্রমণ ব্যবস্থা (রিভাইজড ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট) নিয়েও আলোচনা হবে বলে তিনি উল্লেখ করেন।