নারায়ণগঞ্জে মাদ্রাসায় গভীর রাতে আগুন, ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে
নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় অবস্থিত একটি মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ভবনে ছড়িয়ে পড়া বিষাক্ত ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ৬৩ জন আবাসিক শিক্ষার্থীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে সাইনবোর্ড এলাকার পাঁচতলাবিশিষ্ট ‘জামিয়া আশরাফিয়া’ মাদ্রাসায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে ওই ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত লাইব্রেরি ও অফিস কক্ষে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই ঘন কালো ধোঁয়া পুরো ভবনে ছড়িয়ে পড়লে ভেতরে অবস্থান করা শিক্ষার্থীদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়। ধোঁয়ার কারণে শ্বাসকষ্ট দেখা দিলে বহু শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, হাসপাতালে নিয়ে আসা ৬৩ জনের মধ্যে তিনজনের অবস্থা অত্যন্ত গুরুতর হওয়ায় তাদের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। তাদের মধ্যে একজনকে মেকানিক্যাল ভেন্টিলেশন (কৃত্রিম শ্বাস-প্রশ্বাস) সহায়তায় রাখা হয়েছে।
সংকটাপন্ন তিন শিক্ষার্থী হলেন—ইউসুফ (১৮), খাইরুল (২২) ও জোবায়ের (১৮)।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, রাত ১টা ৫৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে কাঁচপুর মডার্ন ও শিবু মার্কেট ফায়ার স্টেশনের ৫টি ইউনিট রাত ২টা ৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। কর্মীদের তৎপরতায় রাত আড়াইটার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই অগ্নিকাণ্ডে মাদ্রাসার লাইব্রেরি ও অফিস কক্ষের প্রয়োজনীয় সামগ্রীসহ প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।ন