বাংলার জবান
সারাদেশ

স্মৃতিস্তম্ভে আগুনের জেরে চাঁদপুরে পুলিশের ক্র্যাকডাউন, আটক জেলা আ. লীগ সভাপতি

6 November 2026, 6:40 PM Tariqul দেখা হয়েছে: 31
স্মৃতিস্তম্ভে আগুনের জেরে চাঁদপুরে পুলিশের ক্র্যাকডাউন, আটক জেলা আ. লীগ সভাপতি
নিজস্ব প্রতিবেদক • 6 November 2026, 6:40 PM


চাঁদপুরে পুলিশের এক বিশেষ অভিযানে জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদসহ একাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় শহরের পুরান বাজার এলাকার নিজ বাসভবন থেকে নাছির উদ্দিনকে হেফাজতে নেয় পুলিশ। একই সময়ে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও কয়েকজনকে আটক করা হয়।


এর আগে শুক্রবার দুপুরে চাঁদপুর শহরের শহীদ মিনার প্রাঙ্গণে অবস্থিত ‘৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। দুর্বৃত্তদের এই হামলার প্রতিবাদে ওই দিন সন্ধ্যায় শহরের বিভিন্ন পয়েন্টে পৃথক বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি এবং তাদের সমমনা ১১ দলের নেতাকর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে পুরো শহরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।


চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়েজ আহমেদ জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। অভিযান শেষে আটক ব্যক্তিদের সুনির্দিষ্ট সংখ্যা ও বিস্তারিত তথ্য জানানো হবে।


ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর জানান, বিশেষ অভিযানের অংশ হিসেবে জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদকে আটক করা হয়েছে। অপরাধীদের গ্রেপ্তার ও অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলাজুড়ে পুলিশের এই ঝটিকা অভিযান এখনো চলমান রয়েছে।