সশস্ত্র বাহিনীর মূল শক্তি জনগণের আস্থা: রাষ্ট্রপতি
সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি হলো জনগণের আস্থা—এমন মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন যে সশস্ত্র বাহিনীর সদস্যরা সংবিধান, নেতৃত্বের প্রতি আনুগত্য এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে যাবেন।
আগামীকাল শনিবার (২১ নভেম্বর) ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৬’ সামনে রেখে শুক্রবার (২০ নভেম্বর) দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন।
বাণীতে রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনা, নৌ ও বিমান বাহিনীর সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সাত বীরশ্রেষ্ঠসহ সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর আত্মত্যাগ ও বীরত্বগাথা আমাদের জাতীয় ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়। ১৯৭১ সালের এই দিনে সেনা, নৌ ও বিমান বাহিনী একযোগে শত্রুর বিরুদ্ধে সর্বাত্মক অভিযান শুরু করেছিল, যা চূড়ান্ত বিজয় অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাহিনীর সেই সম্মিলিত শক্তি, বীরত্ব ও দেশপ্রেম আজও স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের চেতনাকে প্রেরণা জোগায়।
রাষ্ট্রপতি গভীর শ্রদ্ধার সঙ্গে মুক্তিযুদ্ধের বীর সেনানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে স্মরণ করে বলেন, তার দূরদর্শিতা ও নেতৃত্বে স্বাধীন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রাতিষ্ঠানিক ভিত্তি, শৃঙ্খলা ও পেশাদারিত্ব শক্তিশালী রূপ পায়। পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাহিনীর আধুনিকায়ন, সম্প্রসারণ এবং প্রযুক্তিগত ও পেশাগত সক্ষমতা বাড়াতে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন।
তার ভাষ্য অনুযায়ী, সেই ধারাবাহিকতায় সশস্ত্র বাহিনী আজ একটি সুশৃঙ্খল ও পেশাদার বাহিনীতে পরিণত হয়েছে। বর্তমান সরকার বাহিনীকে আরও আধুনিক, শক্তিশালী ও চতুর্মাত্রিক হিসেবে গড়ে তুলতে নানা পদক্ষেপ নিয়েছে। বৈশ্বিক ঝুঁকি ও বদলে যাওয়া ভূ-রাজনৈতিক বাস্তবতা মোকাবিলায় প্রতিরক্ষা প্রস্তুতি, প্রতিরোধ সক্ষমতা ও জাতীয় নিরাপত্তা কৌশলে ‘সবার আগে বাংলাদেশ নীতি’ গ্রহণ করা হয়েছে।
রাষ্ট্রপতি আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দুর্যোগ, জাতীয় সংকট ও জরুরি পরিস্থিতিতেও সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদের দক্ষতা ও নিষ্ঠা বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করছে। সবশেষে তিনি সশস্ত্র বাহিনীর সার্বিক সাফল্য এবং সদস্যদের পাশাপাশি তাদের পরিবারের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।