বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করল জার্মান দূতাবাস
জার্মানিতে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ, স্বচ্ছ ও দ্রুত করতে নতুন ডিজিটাল ব্যবস্থা চালু করছে ঢাকার জার্মান দূতাবাস। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে এই ‘কনস্যুলার সার্ভিসেস পোর্টাল’ আনুষ্ঠানিকভাবে চালু হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা ঘরে বসেই অনলাইনে আবেদন, প্রয়োজনীয় কাগজপত্র জমা এবং আবেদনের সর্বশেষ অগ্রগতি জানার সুযোগ পাবেন।
জার্মানিতে উচ্চশিক্ষার প্রতি বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহ ক্রমেই বাড়ছে। এ অবস্থায় ভিসা অ্যাপয়েন্টমেন্ট পেতে দীর্ঘসূত্রতা ও অপেক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে আবেদন প্রক্রিয়াকে আরও কার্যকর করতে এই উদ্যোগ নিয়েছে দূতাবাস। নতুন এই ব্যবস্থায় স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পড়তে ইচ্ছুক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
নতুন ডিজিটাল পোর্টালে যেসব সুবিধা মিলবে:
অনলাইনে আবেদন: দূতাবাসে সশরীরে যাওয়ার আগেই অনলাইনে আবেদনপত্র পূরণ এবং প্রয়োজনীয় সব নথিপত্র আপলোড করা যাবে।
কাগজপত্রের প্রাথমিক যাচাই: ভিএফএসের (VFS) মাধ্যমে আবেদনের নথিপত্র প্রাথমিকভাবে যাচাই-বাছাইয়ের সুযোগ থাকবে।
দ্রুত অ্যাপয়েন্টমেন্ট: নির্ধারিত তারিখে বায়োমেট্রিক তথ্য প্রদান, ভিসা ফি পরিশোধ এবং মূল কাগজপত্র যাচাইয়ের কাজ সম্পন্ন হবে।
আবেদনের অগ্রগতি জানা: পোর্টালে লগইন করে যেকোনো সময় আবেদনের বর্তমান অবস্থা সম্পর্কে জানা যাবে।
পরিবারসহ আবেদন: প্রযোজ্য ক্ষেত্রে পরিবারের সদস্যদের নিয়ে যৌথভাবে আবেদন জমা দেওয়ার সুবিধাও থাকছে।
দূতাবাস আশা করছে, নতুন এই ব্যবস্থার ফলে কাগজপত্র যাচাইয়ের সময় কমে আসবে এবং সামগ্রিক ভিসা প্রক্রিয়ায় গতি ফিরবে। তবে প্রতিটি আবেদনের ধরন ও পরিস্থিতিভেদে প্রক্রিয়াকরণের সময়ে ভিন্নতা থাকতে পারে।
অপেক্ষমাণ তালিকায় থাকাদের জন্য নতুন নির্দেশনা:
নতুন ডিজিটাল ব্যবস্থা চালুর কারণে পুরোনো নিয়মে ভিসা অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষমাণ তালিকায় (ওয়েটিং লিস্ট) থাকা শিক্ষার্থীদেরও নতুন করে আবেদন করতে হবে। অর্থাৎ, আগে যারা নিবন্ধন করেছিলেন, তাদেরও নতুন ‘কনস্যুলার সার্ভিসেস পোর্টালে’ অ্যাকাউন্ট খুলে পুনরায় আবেদন জমা দিতে হবে।
দীর্ঘদিন অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের জন্য বিষয়টি সাময়িক অসুবিধার কারণ হতে পারে। তবে দূতাবাসের সক্ষমতা বৃদ্ধি এবং প্রক্রিয়াটি গতিশীল হওয়ার ফলে সামগ্রিকভাবে অ্যাপয়েন্টমেন্টের অপেক্ষার সময় অনেকটাই কমে আসবে বলে মনে করছে কর্তৃপক্ষ।
আবেদনের নিয়ম ও ওয়েবসাইট:
স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে https://digital.diplo.de/ ওয়েবসাইটে নিবন্ধন করে আবেদন করতে পারবেন। এ ছাড়া প্রয়োজনীয় কাগজপত্র ও বিস্তারিত নির্দেশনার জন্য ঢাকার জার্মান দূতাবাসের অফিশিয়াল ওয়েবসাইট (www.dhaka.diplo.de) ভিজিট করতে বলা হয়েছে।