Sunday, 15 November 2026 অ্যাডমিন লগইন
বাংলার জবান
জাতীয়

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাছে তথ্য পাচারের অভিযোগ চট্টগ্রামের এসপি জাহাঙ্গীর গ্রেপ্তার

15 November 2026, 4:42 AM Tariqul দেখা হয়েছে: 23
কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাছে তথ্য পাচারের অভিযোগ চট্টগ্রামের এসপি জাহাঙ্গীর গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদকঃ • 15 November 2026, 4:42 AM

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে গোপন যোগাযোগ রাখা এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়েরের পর শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।


স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট ও পাঁচলাইশ থানা পুলিশের একটি যৌথ দল এই অভিযান পরিচালনা করে।


পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর পাঁচলাইশ থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।


চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে মামলা দায়েরের পরপরই যৌথ দল অভিযান চালিয়ে অফিসার্স মেস থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করে।


মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আগামী ডিসেম্বরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে আসাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন এই পুলিশ কর্মকর্তা। একই সঙ্গে তিনি পুলিশের অত্যন্ত গোপন ও স্পর্শকাতর তথ্য সরবরাহ করছিলেন বলে অভিযোগ আনা হয়েছে।


এর আগে গত মঙ্গলবার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আব্দুল কুদ্দুস চৌধুরী এসপি জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদ করেন। সেদিনই তার ব্যক্তিগত ও দাপ্তরিক মোবাইল ফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়। পাশাপাশি ঘটনাটির বিভাগীয় তদন্ত করছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলাম।


এজাহারের বরাতে সিএমপির এক কর্মকর্তা জানান, জাহাঙ্গীর আলমের জব্দ করা মোবাইল ফোন থেকে পাঠানো একটি বার্তায় আগামী ডিসেম্বরে জনগণের মাঠে নামার পরিকল্পনার কথা উল্লেখ ছিল। ওই বার্তায় ১৯৯৬ সালের তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন এবং বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে রাজপথে নামার প্রসঙ্গও তুলে ধরা হয়। তবে বার্তাটি ঠিক কাকে পাঠানো হয়েছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।


গুরুত্বপূর্ণ এই মামলাটি পুলিশের বিশেষ ইউনিট এসআরইউ অথবা কাউন্টার টেররিজম ইউনিটের মাধ্যমে তদন্ত করা হবে বলে জানা গেছে। উল্লেখ্য, গ্রেপ্তার জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের একজন কর্মকর্তা এবং তিনি ২০১০ সালের ১ ডিসেম্বর পুলিশ বাহিনীতে যোগদান করেন।