Sunday, 15 November 2026 অ্যাডমিন লগইন
বাংলার জবান
জাতীয়

পোশাক শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু, যেভাবে মিলবে

15 November 2026, 4:35 AM Tariqul দেখা হয়েছে: 17
পোশাক শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু, যেভাবে মিলবে
নিজস্ব প্রতিবেদকঃ • 15 November 2026, 4:35 AM

তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিকদের সহায়তায় ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু করেছে সরকার। বিশেষ খোলাবাজারে বিক্রয় (ওএমএস) কর্মসূচির আওতায় একজন শ্রমিক প্রতি মাসে সর্বোচ্চ ১০ কেজি করে চাল কেনার সুযোগ পাবেন। প্রাথমিকভাবে এই কার্যক্রম আগামী তিন মাস পর্যন্ত চলবে।


গত শুক্রবার (১৩ নভেম্বর) থেকে ঢাকা মহানগর ও ঢাকা জেলার অন্যান্য এলাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন স্থানে ট্রাকসেলের মাধ্যমে এই বিশেষ বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।


কখন ও কীভাবে মিলবে চাল:

সপ্তাহের প্রতি শুক্রবার, অর্থাৎ তৈরি পোশাকশিল্পের সাপ্তাহিক ছুটির দিনে এই চাল বিক্রি করা হবে। সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং বিকেল আড়াইটা থেকে ৫টা পর্যন্ত (মজুত থাকা সাপেক্ষে) নির্ধারিত ট্রাক থেকে চাল কিনতে পারবেন শ্রমিকরা।


চাল কেনার সময় শ্রমিকদের অবশ্যই নিজ নিজ গার্মেন্টসের পরিচয়পত্র (আইডি কার্ড) দেখাতে হবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাস্টার রোলে স্বাক্ষর দিয়ে চাল সংগ্রহ করতে হবে।


খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতি শুক্রবার মোট ৭৫টি খোলা ট্রাকের মাধ্যমে এই বিশেষ ওএমএসের চাল বিক্রি করা হচ্ছে। প্রতিটি ট্রাকে ৫ টন করে মোট ৩৭৫ টন চাল সাশ্রয়ী মূল্যে শ্রমিকদের মাঝে বিতরণ করা হবে।


খাদ্য মন্ত্রণালয়ের অধীনে খাদ্য অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায় এই কর্মসূচি পরিচালিত হচ্ছে। এ ছাড়া পুরো কার্যক্রমের স্বচ্ছতা ও সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে মন্ত্রণালয় এবং খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে পৃথক মনিটরিং টিমও গঠন করা হয়েছে।