Saturday, 14 November 2026 অ্যাডমিন লগইন
বাংলার জবান
জাতীয়

‘ফালতু’ রাশেদ, এবার টকশোতে বিতর্ক!

14 November 2026, 12:57 AM New Admin দেখা হয়েছে: 34
‘ফালতু’ রাশেদ, এবার টকশোতে বিতর্ক!
নিজস্ব প্রতিবেদকঃ • 14 November 2026, 12:57 AM

‘ফালতু’ মন্তব্য যেন পিছু ছাড়ছে না প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনের। জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের ‘ফালতু লোক’ মন্তব্যের রেশ কাটতে না কাটতেই এবার টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত টকশোতে একই ধরনের মন্তব্যের মুখোমুখি হলেন তিনি। সহ-আলোচক ড. আব্দুল মান্নানের মুখে ‘ফালতু লোক’ শব্দটি শুনে ক্ষুব্ধ রাশেদ শেষ পর্যন্ত লাইভ অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যান।


শুক্রবার (১৩ নভেম্বর) রাতে একটি বেসরকারি টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত টকশোতে এ ঘটনা ঘটে। বিভিন্ন রাজনৈতিক ও সমসাময়িক বিষয় নিয়ে আলোচনার একপর্যায়ে রাশেদ খাঁন ও সহ-আলোচক ড. আব্দুল মান্নানের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় শুরু হয়। একপর্যায়ে ড. মান্নান রাশেদ খাঁনকে উদ্দেশ করে ‘ফালতু লোক’ মন্তব্য করেন।


এ মন্তব্যে ক্ষুব্ধ হয়ে তাৎক্ষণিক প্রতিবাদ জানান রাশেদ। তিনি সঞ্চালকের কাছে বক্তব্য প্রত্যাহার এবং উপযুক্ত প্রতিকার দাবি করেন। তাঁর বক্তব্য, জাতীয় গণমাধ্যমের সরাসরি সম্প্রচারে একজন রাজনৈতিক নেতাকে উদ্দেশ করে এ ধরনের ব্যক্তিগত আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।


পরিস্থিতি সামাল দিতে অনুষ্ঠানের সঞ্চালক মানিক দুঃখ প্রকাশ করেন। পাশাপাশি অনুষ্ঠানের পক্ষ থেকে মন্তব্যটি প্রত্যাহারের প্রস্তাব দিয়ে রাশেদ খাঁনকে আলোচনায় বসে থাকার অনুরোধ জানান। কিন্তু রাশেদ সেই প্রস্তাবে সন্তুষ্ট হননি। তাঁর দাবি ছিল, যিনি সরাসরি কটূক্তি করেছেন, তাকেই নিজের বক্তব্য প্রত্যাহার করতে হবে।


নিজের রাজনৈতিক সংগ্রামের প্রসঙ্গ তুলে রাশেদ বলেন, ২০১৮ সালের আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে তাঁকে কারাবরণ করতে হয়েছে। শেখ হাসিনার আমলে মামলায় রিমান্ডে নিয়ে নির্যাতনের শিকারও হয়েছেন তিনি। এত প্রতিকূলতার মধ্যেও আত্মসম্মান বিসর্জন দিয়ে আলোচনায় বসে থাকা তাঁর পক্ষে সম্ভব নয় বলে জানান।


শেষ পর্যন্ত ড. আব্দুল মান্নান নিজে মন্তব্য প্রত্যাহার না করায় টকশো চালিয়ে যেতে রাজি হননি রাশেদ খাঁন। সঞ্চালক ও দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করে সরাসরি সম্প্রচার চলাকালেই স্টুডিও ছেড়ে বেরিয়ে যান তিনি।


সংসদেও ‘ফালতু লোক’ মন্তব্যের মুখে রাশেদ


টকশোর এ ঘটনা নতুন করে সামনে এনেছে মাত্র দুই দিন আগের জাতীয় সংসদের বিতর্ককে। গত ১১ নভেম্বর জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের বক্তব্যেও ‘ফালতু লোক’ শব্দটি আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে।


ঘটনার সূত্রপাত জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তাদের গোপন বৈঠকের অভিযোগকে কেন্দ্র করে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বিভিন্ন বক্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের অভিযোগ তুলে আসছিলেন। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার পর জামায়াতের আমির পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে অভিযোগ প্রত্যাখ্যান করেন।


এ সময় কোনো ব্যক্তির নাম সরাসরি উল্লেখ না করে ডা. শফিকুর রহমান বলেন, একজন ব্যক্তি ২৪ ঘণ্টা জামায়াতের পেছনে লেগে আছেন। সন্ধ্যায় এক কথা, রাতে আরেক কথা, পরদিন সকালে ও দুপুরে আবার নতুন বক্তব্য দিচ্ছেন। তাঁকে কোনো বেতন বা মজুরি দিতে না পারায় দুঃখ প্রকাশ করে ওই ব্যক্তিকে ‘ফালতু লোক’ বলেও মন্তব্য করেন তিনি।


সংসদে দেওয়া এ বক্তব্যকে রাশেদ খাঁনের প্রতি ইঙ্গিতপূর্ণ মন্তব্য হিসেবে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ করা হয়।


শফিকুর রহমানের মন্তব্যে ক্ষুব্ধ রাশেদ, ফেসবুকে পাল্টা জবাব


সংসদে ডা. শফিকুর রহমানের মন্তব্যের পরদিন, ১২ নভেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ক্ষোভ প্রকাশ করেন রাশেদ খাঁন।


তিনি প্রশ্ন তোলেন, ২০১৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত শেখ হাসিনাবিরোধী আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখার পরও জামায়াতের আমিরের কাছে তিনি কীভাবে ‘ফালতু’ হয়ে গেলেন?


নিজের রাজনৈতিক সংগ্রাম, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া এবং কারাবরণের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। একই সঙ্গে সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে কাউকে উদ্দেশ করে এ ধরনের শব্দ ব্যবহারকে অসংসদীয় আচরণ বলে সমালোচনা করেন।


একই শব্দ ঘিরে দুই ঘটনায় নতুন আলোচনা


জাতীয় সংসদে ডা. শফিকুর রহমানের বক্তব্য এবং এর মাত্র দুই দিন পর টেলিভিশনের লাইভ টকশোতে একই ধরনের মন্তব্য—পরপর দুটি ঘটনায় রাশেদ খাঁনকে ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।


একদিকে সংসদে দেওয়া বক্তব্যের প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছিলেন তিনি, অন্যদিকে এবার সরাসরি সম্প্রচারিত টকশো থেকেই বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। রাজনৈতিক বক্তব্য ও ব্যক্তিগত আক্রমণের সীমারেখা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ঘটনাগুলো।