নোয়াখালীতে ওবায়দুল কাদেরের মামাতো ভাই ও ভাতিজা গ্রেপ্তার
নোয়াখালীর কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আপন মামাতো ভাই শামছুর রহমান টিপু (৬২) ও তার ছেলে শিহাবুর রহমান শিহাবকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাসপাতাল গেট এলাকা থেকে বাবা-ছেলেকে গ্রেপ্তার করা হয়।
শামছুর রহমান টিপু বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং তার ছেলে শিহাবুর রহমান পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাবা-ছেলে নিজ বাড়িতেই অবস্থান করছিলেন। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবীবুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে।